নিজের সিনেমার মহরত ছাড়া অন্য কোনো অনুষ্ঠানে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে দেখা যায় না বললেই চলে! তবে এবার দেখা গেল তিনি গানের একটি অ্যালবাম প্রকাশ করলেন। শাকিব খানের আত্মীয় মোহাম্মদ হাফিজের প্রথম অ্যালবাম ‘পুতুল’র মোড়ক উন্মোচন করা হয় গতকাল রোববার সন্ধ্যায়, ময়মনসিংহ শহরের একটি রেস্তোরাঁয়।

সেখানে হাজির হয়েছিলেন শাকিব নিজেই। এসময় শাকিব বলেন, ‘হাফিজ আমার ছোট ভাই। ও খুব ভালো গান করে। গানের প্রতি ওর আগ্রহ দেখে খুব ভালো লেগেছে। তার জন্য শুভকামনা থাকলো।’

শাকিব খান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রপরিচালক উত্তম অাকাশ, প্রয়াত হুমায়ূন আহমেদের ব্যক্তিগত সহকারী জুয়েল রানা, খোকন, মডেল লারা লোটাস, সিডি ভিশনের কর্ণধার মাহবুব অালম, খন্দকার বাপ্পি, ইশরাক হোসেন প্রমুখ।

শাকিব খান বর্তমানে ময়মনসিংহে ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবির শুটিং করছেন। শাপলা মিডিয়ার প্রযোজনায়, উত্তম আকাশ পরিচালিত ওই ছবিতে তার নায়িকা বুবলী। গেল বৃহস্পতিবার থেকেই সেখানে চলছে এই ছবির শুটিং। জানা গেছে, শুটিং শেষে এই ছবির ইউনিট ঢাকা ফিরবে আগামী শুক্রবার।