দেশীয় টেলিভিশনের জনপ্রিয় দুটি মুখ সজল ও অর্ষা। পাঁচ বছর আগে বিয়ে করেছেন তারা। কিন্তু এখন তারা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন। সামান্য একটি নেকলেস নিয়ে ঝগড়ার শুরু, অবশেষে এমন সিদ্ধান্ত।

বাস্তবে নয়, গল্পটি নাটকের। সৈয়দ ইকবালের রচনায় এবং তরুণ নির্মাতা অনিক বিশ্বাসের পরিচালনায় ‘দ্রোহ’ শিরোনামের নাটকটিতে দম্পতি হিসেবেই দেখা দিবেন সজল-অর্ষা। এরইমধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। এখন রয়েছে সম্পাদনার টেবিলে।

এ প্রসঙ্গে সজল বলেন, ‘গল্প পছন্দ না হলে কাজ করছি না। সেদিক থেকে ‘দ্রোহ’ নাটকের গল্পটা একেবারেই আলাদা। তাছাড়া অর্ষার সঙ্গে এর আগে অনেকগুলো কাজ করেছি, যার বেশিরভাগই দর্শক পছন্দ করেছেন।’

অন্যদিকে অর্ষা বলেন, ‘মানুষের দাম্পত্য জীবনে অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে ঝামেলা বাঁধে। সামান্য এই বিষয়গুলো জীবনকে এলোমেলো করে দেয়। অনেক সময় জীবনে নেমে আসে বিপত্তি। তেমনই এক গল্পকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে দ্রোহ।’

প্রসঙ্গত, ব্রাদার্স এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সজল-অর্ষা ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন তানভীর, রুহি, কামরুল হাসান সরকার প্রমুখ।