সালমান খানের কাছে জানতে চাওয়া হয়েছিল, তার সবচেয়ে প্রিয় সহ-অভিনেতা কে? স্বভাবগতভাবেই ভাইজান উত্তর দেন, তার কোনও একজন প্রিয় সহ-অভিনেতা নেই, একাধিক রয়েছে। তারপর অবশ্য তিনি একজনের নাম বলেন।
তিনি আর কেউ নন, সালমানের এক সময়ের প্রেমিকা এবং অবশ্যই সহ-অভিনেতা ক্যাটরিনা কাইফ। সেই জন্যই হয়তো ক্যাট সম্পর্কে না থেমে টানা দুই মিনিট কথা বলে চলেন সালমান। ক্যাটরিনা সম্পর্কে সালমান সব কিছুই ভাল বলেছেন, যেমন তিনি অত্যন্ত যত্নশীল, স্নেহপরায়ন, পরিশ্রমী। সালমানের আসন্ন ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে তারা দুইজনে একসঙ্গে কাজও করেছেন। ২২ ডিসেম্বর পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি। সালমানের কথায় ক্যাটরিনা অক্লান্তভাবে ঘণ্টার পর ঘণ্টা কাজ করেই যেতে পারেন। এমনকি ক্যাটরিনা তার ছবির প্রতিটি অ্যাকশন দৃশ্য নিজেই করেছেন। পোস্ট-প্যাকআপের পর ক্যাটরিনার ফিটনেস রুটিনও ছিল তাক লাগানোর মতো।
ভারতের এবিপি আনন্দ পত্রিকার খবরে বলা হয়, ৫০-৫৫ ডিগ্রি তাপমাত্রায় সারাদিন শুটের পর প্রায় আধ ঘণ্টা ক্রিকেট খেলতেন ক্যাটরিনা, তারপর আধ ঘণ্টা চলতো ভলিবল খেলা। জিম তো তারপর ছিলই। এমনকি টেনিসও শিখেছেন ক্যাটরিনা। তার সহ-অভিনেতার এই মাত্রায় এনার্জি লেভেল দেখে বেশ অবাকই হতেন সালমান।





