বাংলা চলচ্চিত্রের অন্যতম নায়িকা অপু বিশ্বাস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন- ‘বর্তমানে বিভিন্ন মিডিয়ায় আমাকে নিয়ে বিভিন্ন ধরনের নিউজ প্রচার হচ্ছে। আমি জানিনা এসব নিউজের সূত্র কি?
আমাকে যদি কিছু বলতেই হয় তাহলে আমি আমার পরিবারকে সঙ্গে নিয়ে কথা বলবো। আপনারা দেখেছেন এর আগেও আমি আমার পরিবারকে সঙ্গে নিয়ে কথা বলেছি। আমার বাচ্চাকে নিয়ে এসে কথা বলেছি।’
অপু বিশ্বাস বলেন, ‘আমি পরিবারের সঙ্গে আলোচনা না করে তো কিছু বলতে পারি না। আমি আসলে কিছুই জানি না। গোপন সূত্রে জানা গেছে এমনটি লিখে নিউজ প্রকাশ করছে অনেকেই। এই গোপন সূত্রটা আসলে কী এটা আমি জানতে চাই। আমিই কিছু জানি না। আমাকে পত্রিকার মাধ্যমেই জানতে হচ্ছে।’
ডিভোর্স সংক্রান্ত কোনো তথ্য তিনি শাকিবের পক্ষ থেকে পাননি জানিয়ে বলেন, ‘আমি সাংবাদিক না। গোপন সূত্রটা কী আমি জানতে চাই। আমি অভিনেত্রী। অভিনয় কিভাবে করতে হয় সেটা বলতে পারি। শাকিব বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত। আর কিছু বলতে চাই না।’
উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাস তাদের বিয়ের খবর গত নয় বছর ধরে গোপন রেখেছিলেন। এরপর চলতি বছরের ১০ এপ্রিল অপু শাকিবের ছেলেকে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলে বিয়ের কথা প্রকাশ করেন।
কলকাতার একটি ক্লিনিকে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় শাকিব-অপু দম্পতির ছেলে আব্রাহাম খান জয়ের। এখন ছেলেকে নিয়ে রাজধানীর নিকেতনের বাসায় অপু তার পরিবারের সঙ্গে শাকিবকে ছাড়াই আছেন। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে তাদের ডিভোর্সের গুঞ্জন





