ভিনদেশী রুপালি পর্দার দুই জনুপ্রিয় অভিনেত্রী আনুষ্কা শেঠি ও আনুষ্কা শর্মা। ভারতীয় চলচ্চিত্রের দুই ইন্ডাস্টির এই দুই তারকা জয় করে নিয়েছেন কোটি কোটি মানুষের মন। একজন বলিউড চলচ্চিত্রে সরব অভিনয় করে যাচ্ছেন, অন্যজন দক্ষিণী চলচ্চিত্রে। এবার বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হতে চলেছেন তাঁরা।

আনুষ্কা শেঠি অভিনীত পরবর্তী চলচ্চিত্র ‘ভাগমতি’। চলতি বছর দুইবার পিছিয়ে আগামী বছর চলচ্চিত্রটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিকে ৭ নভেম্বর আনুষ্কা শেঠির জন্মদিন উপলক্ষে এ ছবির একটি পোস্টার প্রকাশ করা হয়। তবে সেখানে মুক্তির তারিখ উল্লেখ করা হয়নি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘জানুয়ারিতে সংক্রান্তির দিনে বেশ কয়েকটি ছবি মুক্তির তালিকায় থাকায় ফেব্রুয়ারিতে ‘ভাগমতি’ ছবিটি মুক্তি দিতে চাইছেন নির্মাতারা। আর থ্রিলার ঘরানার হওয়ায় এই বিশেষ দিনটির সঙ্গে ছবিটি সামঞ্জস্য নয় বলেও মনে করছেন তারা।’

এদিকে আনুষ্কা শর্মা অভিনীত ‘পরী’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৯ ফেব্রুয়ারি। যদি একই দিনে ‘ভাগমতি’ ছবিটি মুক্তি পায় তাহলে বক্স অফিসে দুই আনুষ্কার লড়াই দেখতে পাবেন দর্শক।

গুঞ্জন শোনা যাচ্ছে, তেলেগু, তামিল, মালায়ালাম ভাষার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে আনুষ্কা শেঠির ‘ভাগমতি’। যদি ছবিটি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মুক্তি পায় তবে নিয়ম অনুযায়ী এর হিন্দি সংস্করণ মুক্তি পাবে পরের সপ্তাহে। সে ক্ষেত্রেও এই দুই অভিনেত্রীর বক্স অফিস লড়াইয়ের সম্ভাবনা থেকেই যাচ্ছে।

দুই আনুষ্কার ছবি থ্রিলার ঘরানার। আর ছবি দুটিতে তারা এমন রূপে হাজির হয়েছেন যা তাদের আগে কখনো দেখা যায়নি।