২০১৪ সালে ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে প্রথমবারের মতো নির্মিত হয় ‘হিরো দ্য সুপারস্টার’। ছবিটি পরিচালনা করেন বদিউল আলম খোকন। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেন অপু বিশ^াস ও ববি।
এর পর শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আরো একটি ছবি নির্মাণের ঘোষণা আসে। ‘প্রিয়ারে’ নামের এই ছবিটি পরিচালনা করার কথা ছিল নিষিদ্ধ চিত্রপরিচালক শামীম আহমেদ রনির।
ছবিটিতে অভিনয় করার কথা ছিল ‘বসগিরি’র নায়িকা সংবাদ পাঠিকা শবনম বুবলীর। এগুলো সবারই জানা। এবার শোনা গেল ‘হিরো দ্য সুপারস্টার’র প্রযোজনায় নতুন আরো একটি ছবি নির্মাণ হতে যাচ্ছে। আর ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন চিত্রনির্মাতা হিমেল আশরাফ। এমন খবর সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজক ও অভিনেতা শাকিব খান নিজেই।
‘প্রিয়তমা’ নামে সম্পূর্ণ রোমান্টিক ঘরানার গল্পে তৈরি হবে ছবিটি। জানা যায় গল্পের কারণেই ছবিটি নির্মাণে আগ্রহী হয়েছেন ঢাকাই কিং শাকিব খান।
‘শিকারী’র এই নায়ক বলেন, ‘২০-২৫ দিন আগে শুধু ছবিতে অভিনয়ের ব্যাপারে গল্পটি নিয়ে পরিচালক হিমেল আশরাফ আমার কাছে আসেন। চিত্রনাট্যটি শোনার পর আমি কিছুটা অবাক হয়ে যাই! খুব ভালো লেগে গেল গল্প। হিমেলকে বললাম, আমার নিজ ঘর থেকেই ছবিটি নির্মাণ করতে চাই। তিনি রাজি হয়ে গেলেন। তাঁকে কাজটি নিয়ে এগোতে বলি।’
‘নবাব’ আরও বলেন, ‘আমার এসকে ফিল্মস থেকে প্রথম ছবি নির্মাণ করার পর মাঝে অনেক সময় গেছে। এমন একটি গল্পের জন্যই এত দিন অপেক্ষা করছিলাম।’
ছবিটি সম্পর্কে পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘শাকিব ভাই তাঁর শত ব্যস্ততার মাঝেও প্রায় তিন ঘণ্টা সময় নিয়ে চিত্রনাট্যটি শুনেছেন। গল্পটি এতটাই ভালো লেগেছে যে তাঁর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কাজ করতে আগ্রহী হয়েছেন। আমার জন্য এটি বড় পাওয়া।’
ছবিটিতে শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন। সেটা এখনই জানাতে নারাজ শাকিব। বিষয়টি একেবারেই গোপন রাখতে চান তিনি। ‘প্রিয়ারে’র ঘোষণা দেওয়ার সময়ও এই নায়ক বলেছিলেন নায়িকার ব্যাপারে চমক থাকবে। তবে সত্যি সত্যিই চমক দিয়েছেন শাকিব। কারণ শেষ পর্যন্ত এখনো ছবিটির শুটিংয়ে যেতে পারেননি। এবারও নায়িকার নিয়ে মুখ খুললেন না তিনি। বললেন ‘প্রিয়তমা’টা কে হবে সেটা এখনই জানাতে চাই না। কারণ অনেক দিন পর আবারো প্রযোজনায় ফিরছি। দর্শকদের হতাশ করতে চাই না। আমার মনে হয় শাকিব খানের কাছে দর্শকদের অনেক কিছু চাইবার আছে। ওই স্থান থেকে ভালো কাউকে সুযোগ দেব।’
উল্লেখ্য, নির্মাতা সূত্রে জানা যায় ‘প্রিয়তমা’র শুটিং শুরু হবে আগামী ফেব্রুয়ারির শেষের দিকে।





