দর্শকপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার বয়স ৫০ হতে চলছে। পাঠক অবাক হচ্ছেন? বাস্তবে নয়, এই অভিনেত্রী ‘জলফুল’ শীর্ষক একটি টেলিছবিতে ৫০ বছর বয়সী এক নারীর চরিত্রে অভিনয় করেছেন।

টেলিছবিতে দেখা যাবে চেহারায় গ্ল্যামার নেই। চুলগুলোও পেকে উঠছে। সব মিলিয়ে সাদাসিধে এক নারী। তার বয়স ৫০ বছর।

এই টেলিছবিতে ভাবনার চরিত্রের নাম সুখ। মা-বাবার কথা ভেবে মনের মানুষকে ছেড়ে দেয় সে। ত্যাগ স্বীকার করে অন্যজনকে বিয়েও করে। কিন্তু তার প্রেমিক অপেক্ষায় থাকে। অবশেষে ৩০ বছর পর তারা একত্র হয়। তখন সুখের স্বামী বেঁচে থাকে না। ভাবনা সুখ চরিত্র প্রসঙ্গে বলেন, নতুন একটা অভিজ্ঞতা হলো। একই চিত্রনাট্যে নিজেকে ২০ ও ৫০ বছর বয়সী চরিত্রে তুলে ধরেছি। দর্শক উপভোগ্য একটি টেলিছবি এটি। টেলিছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী।

‘জলফুল’ লিখেছেন ও পরিচালনা করেছেন বিসমিল্লাহ খান। সম্প্রতি এটির শুটিং হয়েছে আখাউড়া জংশনে। টেলিফিল্মটিতে ভাবনার সঙ্গে আছেন মীর রাব্বি। এছাড়া অভিনয় করেছেন আখাউড়ার স্থানীয়রা। খুব শিগগির বেসরকারি কোনো একটি চ্যানেলে এটি প্রচার হবে। ভাবনা নাটক-টেলিছবির বাইরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করছেন।

এদিকে তার অভিনীত ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রটি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে। বিশেষ করে তার ‘নয়নতারা’ চরিত্রটি দর্শকদের মন জয় করতে সক্ষম হয়। এই ছবিতে ভাবনা জুটি বাঁধেন ওপার বাংলার অভিনেতা পরমব্রতর সঙ্গে। ছবিটি পরিচালনা করেন নির্মাতা অনিমেষ আইচ। গল্পকার মতি নন্দী রচিত জলের ঘূর্ণি ও বকবক শব্দ গল্প অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে।