আগামী ১৮ নভেম্বর চীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড-২০১৭’ এর ৬৭তম আসর। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১২০টি দেশ থেকে সুন্দরীরা অংশগ্রহণ করছেন।

এবার সেখানে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে অংশ নিয়েছেন মিস বাংলাদেশ-২০১৭ বিজয়ী জেসিয়া ইসলাম। সম্প্রতি চীনের এক হোটেলে মিস ওয়ার্ল্ড ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন জেসিয়া।

গতকাল রবিবার ‘মিস ওয়ার্ল্ড’-এর অফিসিয়াল ইউটিউব ও ফেসবুক পেজে এ পর্বের ভিডিওটি আপলোড করা হয়। এ বিভাগের জন্য প্রতিযোগীদের কয়েকটি দলে ভাগ করা হয়। জেসিয়া ছিলেন ‘গ্রুপ সিক্স’-এ। এ দলে জেসিয়ার সঙ্গে আরও ছিলেন কানাডা, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও বতসোয়ানার সুন্দরীরা। চীনের শিমেলং ওশান কিংডমের পানির নিচের অ্যাকুরিয়ামে ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বের শুটিং হয়।

জেসিয়া বলেন, তিনি নারীর ক্ষমতায়ন ও নারী-পুরুষের সম-অধিকার নিয়ে কাজ করতে চান। উপস্থাপক তাঁর কাছে জানতে চান, তিনি কীভাবে নারীদের ক্ষমতায়নে ভূমিকা রাখবেন? জেসিয়া বলেন, নারীদের জন্য তিনি একটি সংগঠন তৈরি করতে চান।

সেই সংগঠনের মাধ্যমে গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের কর্মক্ষমতা বাড়ানোর প্রশিক্ষণ দেওয়া হবে। নারীদের শিক্ষিত, স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতেও কাজ করার পরিকল্পনা আছে জেসিয়ার।
খনো ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ এর ফলাফল জানা যায়নি, তবে জেসিয়া আছেন গ্রুপ নম্বর ছয়ে। সেখানে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকা, কানাডা, ব্রাজিল, বটসওয়ানা ও ইথিওপিয়ার সুন্দরীরা। কোন দেশের সুন্দরীরা কোন গ্রুপে থাকবেন, ড্রয়ের মাধ্যমে তা নির্ধারিত হয়েছে।

মিস ওয়ার্ল্ড-২০১৭ প্রতিযোগিতায় আয়োজক কমিটির নির্বাচন প্রক্রিয়ার পাশাপাশি ‘দ্য গ্রেট প্যাজেন্ট কমিউনিটি ডট কম’ নামের একটি অনলাইন সংস্থা এক গণভোটের আয়োজন করেছে। যে কোনো মানুষ বিশ্বের যে কোনো জায়গা থেকেই এ ভোটে অংশগ্রহণ করতে পারবেন। এমনকি একজন ব্যক্তি যত খুশি ইচ্ছা ভোটও দিতে পারবেন।