আগে থেকেই বলছি নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হলে গণমাধ্যম ও আমার দর্শক সবাইকে জানিয়েই সাইন করব। যেহেতু আমি এখনও আপনাদের জানাইনি তাই এখনও কোনো ছবিতে চুক্তিবদ্ধ হয়নি।

এটাই সত্যি কথা- ‘কাঙাল’ নামের নতুন একটি ছবিতে ডিএ তায়েবের বিপরীতে অপু বিশ্বাস অভিনয় করছেন এমন খবর প্রকাশের পর সেটি নিশ্চিত হতে এ নায়িকাকে ফোন দিলে এমন কথাই জানান তিনি। ছবিটি পরিচালনা করবেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

এ ছবি প্রসঙ্গে অপু আরও বলেন, ‘কাঙাল প্রসঙ্গে যে আমি কিছু জানি না তা কিন্তু নয়। ছবিটিতে আমাকে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিল। আমি ছবিতে অভিনয়ের সায় দিইনি। কারণ আমি মনে করি ছবির জন্য এখনও পূর্ণ প্রস্তুত নই। তাই এখন নিজেকে ফিট রাখার মিশনেই রেখেছি। পুরোপুরি তৈরি না হয়ে নতুন ছবিতে কাজ করব না।’

এর আগেও চিত্রনায়ক রিয়াজ ও শাহরিয়াজের বিপরীতে বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের খবর প্রকাশ হয়েছিল। তখনও যোগাযোগ করা হলে তাকে নিয়ে ভুয়া প্রচারণা চলছে বলে জানিয়েছিলেন অপু বিশ্বাস। এবারও বিষয়গুলো নিয়ে তার সঙ্গে কথা না বলে খবর প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন তিনি।