অনেক দিন পর নতুন একটি সিনেমার গানে কণ্ঠ দিলেন চ্যানেল আই খুদে গানরাজ খ্যাত কণ্ঠশিল্পী সেনিজ। গানটিতে তার সঙ্গে ডুয়েটে আছেন মেহতাজ।

অনন্য মামুন পরিচালিত ‘বন্ধন’ চলচ্চিত্রের জন্য এ আইটেম গান। ‘নেশার লাটিম‘ শীর্ষক এ গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। আর সুর করেছেন জিয়াউদ্দিন আলম।

সংগীতায়োজনে ছিলেন জেকে মজলিশ। সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে রাজধানীর মোহাম্মদপুরে জেকের স্টুডিওতে।
গানটিতে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে সেনিজ বলেন, এর কথা ও সুর আমার বেশ মনে ধরেছে। আর আইটেম গান আমি আমার অ্যালবামে করেছিলাম। তখনও অনেকে প্রশংসা করেছেন। এবার ‘বন্ধন‘ ছবির জন্য আইটেম গান গাইলাম।
তিনি বলেন, ‘নেশার লাটিম’ শীর্ষক এ গান সবার ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।
চ্যানেল আই খুদে গানরাজ প্রতিযোগিতার মাধ্যমে দেশীয় সংগীত জগতে যাত্রা শুরু হয় তানিশা ইসলাম সেনিজের।
এরপর গত বছর আরফিন রুমির সুর ও সংগীতে ‘সেনিজ’ শীর্ষক প্রথম একক অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে আলোচনায় আসেন তিনি।
এ অ্যালবামের ‘প্রাণ বন্ধুয়া’সহ বাকি গানগুলোর মাধ্যমেও প্রশংসিত হন তিনি। সেনিজ প্রথম প্লেব্যাক করেন রয়েল খানের পরিচালনায় ‘গেম রিটার্নস’ চলচ্চিত্রে।
‘এক চোখে তুমি’ শিরোনামের গানটি গেয়ে প্রশংসিত হন সেনিজ। অন্যদিকে মেহতাজ প্রথম প্লে ব্যাক করলেন ‘নেশার লাটিম’র মাধ্যমে।