প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের মা নীলুফার জামান চৌধুরী ওরফে নীলা চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সালমান শাহের সাবেক স্ত্রী সামিরার মা লতিফা হক লিও।
গেল ১০ সেপ্টেম্বর চট্টগ্রামের যুগ্ম জেলা, ২য় আদালতে গত ১০ সেপ্টেম্বর নীল চৌধুরীর বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। মামলায় মানহানি বাবদ ৫ কোটি ও ব্যবসায়িক ক্ষতি বাবদ ৫ কোটি, মোট ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
মামলায় নীলা চৌধুরীর পাশাপাশি আসামি করা হয়েছে সালমান শাহের ছোট ভাই শাহরান চৌধুরী ইভান ও সালমানের মামা আলমগীর কুমকুমকে।
আগামী ৩০ অক্টোবর এই মামলার শুনানি হবে। চট্টগ্রামের যুগ্ম জেলা জজ মোহাম্মদ আবদুল কাদের বাদি-বিবাদী দু-পক্ষকেই সেদিন আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন।
স্ত্রী সামিরার সঙ্গে সালমান।
তাঁদের বিরুদ্ধে এই মানহানির মামলা প্রসঙ্গে সামিরার মা লতিফা হক বলেন, ‘নীলা চৌধুরী ও তার পরিবার নানাভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে করে আমার ও আমার পরিবারের সম্মান হানি হচ্ছে। আমার ব্যবসায়িক সুনাম নষ্ট হচ্ছে। তাই বাধ্য হয়ে মামলাটি করতে হলো।’
এ ব্যাপারে সালমান শাহ এর পরিবার থেকে কেউ কোন মন্তব্য এখনো করেন নি।





