৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে দুই হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ ছাড়া আরও তিন হাজার ৩০৮ জনকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।
পিএসসির ওয়েবসাইটে (bpsc.gov.bd) ক্লিক করে ফল জানা যাবে। এছাড়া টেলিটকের মাধ্যমে PSC36 Registration Numnber Send to 16222 নম্বরে এসএমএস পাঠালে ফল পাওয়া যাবে।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৩১ মে প্রথম শ্রেণির ২ হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০১৬ সালের ৮ জানুয়ারি এর প্রিলিমিনারি পরীক্ষা হয়। ২ লাখের বেশি পরীক্ষার্থী এতে অংশ নিয়ে উত্তীর্ণ হন মাত্র ১৩ হাজার ৬৭৯ জন।
এরপর একই বছরের সেপ্টেম্বরে তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১২ হাজার ৪৬৮ জন অংশ নিয়ে ৫ হাজার ৯৯০ জন উত্তীর্ণ হন। ১২ মার্চ থেকে চাকরিপ্রার্থীরা মৌখিক পরীক্ষা দেয়া শুরু করেন, তা শেষ হয় ৭ জুন। এরপর সবকিছু চূড়ান্ত করে আজ ফল প্রকাশিত হলো।





