পরীক্ষার আগে কোনো ধরনের অনৈতিক পথের খোঁজ না নিতে অভিভাবক ও পরীক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তিনি বলেছেন, জিপিএ-৫ পাওয়া জরুরি কিন্তু একমাত্র নয়। ভালো মানুষ, সুনাগরিক হওয়া জরুরি। সোনার মানুষ লাগবে, শুধু জিপিএ-৫ পেলে হবে না।

মঙ্গলবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ৪৮তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাকে সবার জন্য পরীক্ষা উল্লেখ করে শিক্ষামন্ত্রী প্রশ্নফাঁস মুক্ত, নকলমুক্ত, সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা হওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী বলেন আমরা চাই, পরীক্ষার্থীরা সঠিকভাবে পড়াশোনা করবে, ঠিকভাবে পরীক্ষায় অংশ নেবে এবং ভালো ফলাফল করবে। অনৈতিকতার পথে হেঁটে কখনো ভালো ফল পাওয়া যায় না।

প্রশ্ন ফাঁসকারীদের কঠোরভাবে মোকাবেলার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, আমরা চেষ্টা করবো কোনোভাবেই যেন কোন অসৎমহল আমাদের সুন্দর প্রক্রিয়াকে বিনষ্ট করতে না পারে। ছাত্রছাত্রী অভিভাবকরা যদি সবাই অনৈতিকতা থেকে দূরে থাকে তাহলে দুর্বৃত্তরা এই অপকর্ম করার অপচেষ্টা করবে না। এক্ষেত্রে সবারই করণীয় রয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশ করে শিক্ষামন্ত্রী বলেন, ক্লাসে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া নিশ্চয় জরুরী, জিপিএ-৫ পাওয়াও জরুরী। কিন্তু সেটি একমাত্র বিবেচনার বিষয় হতে পারে না। আমি ভালো মানুষ হলাম কি না, আমার মধ্যে মানবিকতাবোধ, নৈতিকতাবোধ আছে কি না, আমি একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠলাম কি না, আমি সুস্থ, সুন্দর মন নিয়ে বড় হচ্ছি কি না সেটি সবার আগে বিবেচনার বিষয়। গত এক দশকে আমরা শিক্ষাক্ষেত্রে অনেক অর্জন দেখেছি। এর পাশপাশি আমরা এখন শিক্ষার মান উন্নত করতে মনযোগী হয়েছি। এটা আমাদের অবশ্যই এগিয়ে নিতে হবে।