চলচ্চিত্রের জনপ্রিয় মুখ বিদ্যা সিনহা মিম। বিশ্বখ্যাত গোল্ড ও ডায়মন্ড বিক্রয় প্রতিষ্ঠান ‘মালাবার’-এর আমন্ত্রণে রোড শোতে অংশ নিতে বর্তমানে আছেন ওমানে। সেখানের মাসকাট, সোহার ও সালালাহের তিনটি রোড শোতে অংশ নেন তিনি।

ওমান থেকে ফেসবুকে মিম বলেন, ‘ বেশ ভালো লেগেছে রোড শোতে অংশ নিয়ে। আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুবই আনন্দিত। এজন্য তৌফিক পলাশ ভাইকে ধন্যবাদ জানাতে চাই। তিনি মূলত আমার সঙ্গে এ শোর বিষয়ে যোগাযোগ করেন এবং এখানে আসার পর বেশ ভালোভাবে দেখাশুনা করেছেন। আগামীকাল দেশে ফিরবো।’

এদিকে শুক্রবার মুক্তি পাচ্ছে মিম অভিনীত নতুন ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি। মিম বলেন, “গ্রামীণ প্রেক্ষাপটের গল্প নিয়ে দারুণ একটা ছবি এটি। আমার ও বাপ্পির পাশাপাশি মৌসুমী আপা ও ডিপজল ভাই ছবিটিতে রয়েছেন। এ ছবিতে কাজ করে আমার বেশ ভালো লেগেছে। মৌসুমী আপার ছোটবোনের চরিত্রে আমি অভিনয় করেছি। এরইমধ্যে এ ছবির ‘মন জানে তুই’ শিরোনামের গানটি ইউটিউবে প্রকাশের পর থেকে বেশ সাড়া পাচ্ছি।”

এবারের পূজায় মিম অভিনীত কলকাতায় ‘ইয়েতির অভিযান’ নামে একটি ছবি মুক্তি পায়। শুটিং ব্যস্ততার কারণে ছবিটি মুক্তির সময় সেখানে যেতে পারেননি মিম। তবে কলকাতায় যারা ছবিটি দেখেছেন তারা মিমের অভিনয়ের খুব প্রশংসা করেছেন বলে জানিয়েছেন তিনি। মিম বলেন, ‘ছবিটি মুক্তির পর থেকে অনেক রিভিউ বের হয়েছে। সেখানে অনান্য শিল্পীর পাশাপাশি আমারও প্রচুর প্রশংসা করা হয়েছে। তারকাবহুল ও বিগ বাজেটের এই ছবিটি দিয়ে কলকাতার সব শ্রেণির দর্শকের সামনে হাজির হতে পেরেছি। এটা বড় পাওয়া আমার।’

এদিকে মিম সম্প্রতি শাকিব খানের সঙ্গে ‘আমি নেতা হব’ ছবির টানা কাজ করেছেন। এ ছবিটি পরিচালনা করছেন উত্তম আকাশ। এ ছবির মাধ্যমে আবারো অনেকদিন পর শাকিব ও মিমকে বড়পর্দায় দেখতে পাবেন দর্শকরা। মিম বলেন, “ছবির কাজটি ভালো হয়েছে। আর সবশেষ ওমান যাবার আগে এফডিসিতে এ ছবির ‘লাল লিপস্টিক’ শিরোনামের একটি আইটেম গানে পারফর্ম করেছি। প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা এ গানটিতে কন্ঠ দিয়েছেন কলকাতার আকাশ সেন ও তৃষা। গানটি বেশ সুন্দর। ‘আমি নেতা হব’ ছবির শুটিং একদিন বাকি রয়েছে। আশা করি, এ ছবির ‘লাল লিপস্টিক’ শিরোনামের গানটি সবার পছন্দ হবে।”

এ ছবির বাইরে তারেক শিকদারের ‘দাগ’ ছবির কাজ একটু বাকি রয়েছে বলে জানিয়েছেন মিম। তিনি বলেন, “ঢাকায় ফেরার পর ‘দাগ’ ছবির শেষ অংশের কাজে সময় দিবো। এখানে আমার বিপরীতে বাপ্পি অভিনয় করেছেন। এছাড়া নতুন কাজ নিয়েও কথা চলছে।”