‘সেলফি’ শব্দটা বর্তমান সময়ের সবচেয়ে বেশি পরিচিত এবং চর্চিত। সাধারণ মানুষ যেমন প্রতিনিয়ত সেলফি তুলে সেটা সোশ্যাল সাইটে শেয়ার করেন, তেমনি তারকারাও সেলফি তুলতে ভালোবাসেন। আর সেটা ভক্তদের সঙ্গে শেয়ার করতেও ভুল করেন না। সংগীতশিল্পী সালমাও তেমনই।

তবে এবার সালমা গানে গানেই সেলফি বন্দনা করেছেন। ‘সেলফি কুইন কমলা’ নামের গানটি নতুন একটি চলচ্চিত্রের আইটেম সং। মাজহার বাবুর পরিচালনায় ছবির নাম ‘ঠোকর’।

‘সেলফি কুইন কমলা’ গানটি লিখেছেন লিমন আহমেদ। জিয়াউদ্দিন আলমের সুরে গানটির সংগীতায়োজন করেছেন ওয়াহিদ শাহিন। গত ১১ অক্টোবর রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে এটি রেকর্ড হয়েছে।

গানটি প্রসঙ্গে সালমা বলেন, বেশ কিছুদিন আগে সোনাবন্ধু নামের একটা সিনেমায় গান গেয়েছিলাম। এরপর আর গাওয়া হয়নি। এবার ফিরলাম আইটেম গানে কণ্ঠ দিয়ে। বেশ চমৎকার একটা অভিজ্ঞতা হয়েছে। এটি সিনেমায় আমার গাওয়া প্রথম কোনো আইটেম গান। চেষ্টা করেছি গানটি মন দিয়ে গাইবার। আমার বিশ্বাস, গানটি শুনে সবাই বেশ মজা পাবে।