টিভি নাটকের তুমুল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। প্রিয় এ অভিনেতাকে নিয়ে ভক্তদের পাগলামির যেন শেষ নেই। নানা সময় ভক্তদের মধুর যন্ত্রণার মুখোমুখি হতে হয় এ তারকাকে।

রোববার উত্তরার ‘স্বপ্নিল ২’ শুটিং হাউজে তেমনই এক ঘটনা ঘটে। চোখের সামনে প্রিয় অভিনেতাকে দেখে অজ্ঞান হয়ে যান এক ভক্ত। ওই ভক্তের নাম উজ্জ্বল হোসাইন।

এ ব্যাপারে মেশাররফ করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে জানান, ‘বিশাল টেনশনে পড়ে গিয়েছিলাম। উত্তরায় স্বপ্নিল ২ তে কায়সার আহমেদ পরিচালিত বাংলাভিশনের প্রচারিত চলতি ধারাবাহিক মহাগুরুর শুটিং করছিলাম। এমন সময় সেখানে আমাকে দেখে উজ্জ্বল হোসাইন নামের এক ভক্ত অজ্ঞান হয়ে যান। পরে কাজ ফেলে তাকে সবাই মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরাই।’

জানা গেছে, উজ্জ্বলের বাড়ি বেনাপোলে। মোশাররফ করিমের অসম্ভব ভক্ত তিনি। প্রিয় অভিনেতাকে সামনে থেকে একনজর দেখার জন্যই ঢাকার কাছে গাজীপুরে একটি চাকরি নেন। নানা উপায়ে মোশাররফ করিমের শুটিং কোথায় হচ্ছে জানার চেষ্টা করেন। খবর পেয়ে এবার স্বপ্নিল টুতে এসে প্রিয় অভিনেতাকে দেখেই জ্ঞান হারান।