টানা ১০ বছরের প্রেমের সম্পর্ক। চারমাস আগে চলতি বছরের ১২ই মে পারিবারিক ভাবেই প্রেমিক পারভেজ সানজারির সঙ্গে বিয়ে হয় পপ গায়িকা মিলার।

এখনও মধুচন্দ্রিমার রেশ কাটেনি। এর মধ্যেই ভাঙ্গনের শিরোনাম হতে হচ্ছে এ তারকার। গতকাল আনুষ্ঠানিকভাবে বৈমানিক পারভেজ সানজারি ও মিলার মধ্যে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স হয়েছে বলে গুঞ্জন উঠেছে।

ডিভোর্সের কারণ হিসেবে জানা গেছে, বিয়ের পরপরই মনোমালিন্য শুরু হয় দুজনের মধ্যে। প্রায়ই ঝগড়া হয় দুজনের মধ্যে। এছাড়া এক পর্যায়ে মিলা স্বামী পারভেজ সানজারি`র বিরুদ্ধে মামলা করতে বাসা থেকে বের হন। যদিও পরিবারের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বিষয়টি মামলা পর্যন্ত গড়ায় নি। বিষয়টির জের ধরেই ডিভোর্সের ঘটনা ঘটে তাদের মধ্যে।

তবে বিষয়টি অস্বীকার করেছেন মিলা। বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন এ শিল্পী। এ বিষয়ে তিনি বলেন, এখন কিছু বলতে পারছি না আমি। ডিভোর্স হয়ে গেছে কি না এমন প্রশ্নের জবাবে মিলা বলেন, আমি নিজেই এ বিষয়ে কনফার্ম না। কোথায় পেয়েছেন এমন সংবাদ? আমার কোনো ডিভোর্স হয়নি। আমি জানি না এরা কোথায় এই সব নিউজ পেল। ডিভোর্স কি বললেই হয়ে গেল? এমন কিছু হলেতো আমি নিজেই জানাবো।