দিন দুয়েক আগে কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নির বাসায় দীর্ঘ আড্ডা দিয়ে এসেছেন শাবনূর। সেখানে গানও গেয়েছেন তিনি। এবার নিজের বাসায় অতিথিদের সঙ্গে আড্ডায় কাটালেন পুরো সন্ধ্যা।

শাবনূর এখন চলচ্চিত্রে নিয়মিত নন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য পরিচালকের নির্দেশনায় কাজ করেছেন। তাদের মধ্যে একেবারে ঘনিষ্ঠ কয়েকজনকে শুক্রবার সন্ধ্যায় নিজের বাসায় আমন্ত্রণ জানান।

এ আয়োজনে হাজির ছিলেন আজিজুর রহমান, মতিন রহমান, বাদল খন্দকার, ছটকু আহমেদ, জাকির হোসেন রাজু, আব্দুল মান্নান, শাহ মোহাম্মদ সংগ্রাম, আলী আজাদ, সারোয়ার হোসেন, চন্দন চৌধুরী, বজলুর রাশেদ চৌধুরী, ওয়াকিল আহমেদ, মোস্তাফিজুর রহমান বাবু, মোস্তাফিজুর রহমান মানিক, মুশফিকুর রহমান গুলজার, দেবাশীষ বিশ্বাস প্রমুখ।
দেবাশিষ বিশ্বাস আড্ডার একগাদা ছবি শেয়ার করলেন ফেসবুকে। তিনি জানান, সবাইকে রেঁধে খাইয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রী। মেন্যুতে ছিল ভাত, পোলাও, ইলিশ মাছসহ অনেক কিছু।

কয়েকবছর ধরে অস্ট্রেলিয়ায় থাকছেন শাবনূর। মাঝে মাঝে দেশে এলেও খুব একটা প্রকাশ্য হতেন না। তবে এবারের সফর ব্যতিক্রম। সহকর্মীদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিয়ে বেড়াচ্ছেন। এমনকি অংশ নিয়েছেন সেলিব্রিটি শো’তে।

এদিকে সম্প্রতি ‘এত প্রেম এত মায়া’ সিনেমার জন্য প্লেব্যাক করলেন শাবনূর। ডিসেম্বরে দৃশ্যায়নে অংশ নেবেন। সিনেমাটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক। এছাড়া একই নির্মাতার নাম ঠিক না হওয়া আরেকটি সিনেমায় মুখ দেখাবেন এ নায়িকা। এতে আরো অভিনয় করবেন মাহিয়া মাহি।