শাকিব খানকে নিয়ে জল অনেক ঘোলা হয়েছে। গুঞ্জন আর গুঞ্জন। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে এখন মুক্ত হলেন শাকিব। চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র পরিবার শাকিব খানের উপরে সকল নিষেধাজ্ঞা আর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে।
২৯ আগস্ট (মঙ্গলবার) মধ্য রাতে রাজধানীর উত্তরায় বরেণ্য চিত্রনায়ক ফারুকের বাসায় চলচ্চিত্র পরিবার আর শাকিব খানের মধ্যে সমঝোতা হয়।
সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ফারুক, শাকিব খান, পরিচালক আমজাদ হোসেন, চিত্রনায়ক বাপ্পারাজ, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু, নৃত্য পরিচালক সমিতির সভাপতি মাসুম বাবুল, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান, প্রযোজক আরশাদ আদনান।
ভবিষ্যতে একসঙ্গে সমঝোতা এবং সৌহার্দপূর্ণ পরিবেশে কাজ করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেন। একই সাথে সব ধরনের বহিস্কারাদেশ প্রত্যাহার করার ব্যাপারেও উভয় পক্ষ রাজি হন।
এ বিষয়ে শাকিব খান বলেন, ‘নিজেদের মধ্যে ঝামেলা রেখে কোনো লাভ নেই। দিন শেষে আমরা একই পরিবারের সদস্য। এখন থেকে আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করব।’





