ডেরা সাচ্চা সওদার প্রধান আধ্যাত্মিক গুরু গুরমিত রাম রহিম সিং নিজেকে ‘সব সম্প্রদায়ের ঈশ্বর’ বলে ঘোষণা করে৷ দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে ২০০২ সালে তার বিরুদ্ধে মামলা হয়৷
সেই মামলায় রাম রহিম সিংকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত৷ ২৫ আগস্ট আদালত রাম রহিমকে দোষী সাব্যস্ত করলে দুই রাজ্যজুড়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছেন তার ভক্ত-অনুগামীরা। তার আঁচ পড়ছে বলিউডেও।
আলিয়া ভাট ও ভিকি কৌশলের আগামী ছবি ‘রাজি’র শুটিং হওয়ার কথা ছিল পাতিয়ালায়। কিন্তু এমন পরিস্থিতিতে আপাতত অনির্দিষ্ট কালের জন্য আটকে গিয়েছে পরিচালক মেঘনা গুলজারের পরবর্তী এই ছবির শুটিং। এ খবর দিয়েছে কলকাতার দৈনিক আনন্দবাজার।
ইন্ডাস্ট্রির বরাতে সে খবরে আরো আরো জানানো হয়েছে, শুক্রবার পাতিয়ালা পৌঁছায় গোটা ইউনিট। কিন্তু ডেরা সচ্চা প্রধানের দোষী সাব্যস্ত হওয়ার ঘটনায় পাঞ্জাবের পরিস্থিতি বিচার করে সঙ্গে সঙ্গেই শুটিং ‘প্যাক-আপ’ করার নির্দেশ দেন পরিচালক।
মেঘনা জানিয়েছেন, ইন্টারনেট পরিসেবা বন্ধ থাকায় যোগাযোগের অসুবিধা হচ্ছিল তাদের। পাশাপাশি পাতিয়ালায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শুটিং করার পরিকল্পনা ছিল। কিন্তু পরিস্থিতির জেরেই বলি তারকা এবং শুটিংয়ের যন্ত্রপাতি নিয়ে যাওয়ার সাহস পাননি তারা। ফলে শুটিং আপাতত বন্ধ রয়েছে।
শুক্রবার থেকে হোটেলেই রয়েছে পুরো ইউনিট। কবে থেকে শুটিং ফের চালু করা যাবে তাও এখনো পরিষ্কার হয়নি। পরিচালক জানিয়েছেন, সেক্ষেত্রে লোকেশন বদল করার কথাও ভাবা হতে পারে।





