ওমর সানীর রেস্টুরেন্ট মেরি মন্টানায় শনিবার রাতের খাবার খান শাকিব খান। সাথে ছিলেন চলচ্চিত্র প্রযোজক আব্দুল আজিজ, ইকবাল, নায়িকা মিম, খল অভিনেতা নানা শাহ্‌, কমল প্রমুখ। তখন একে প্রীতিভোজ হিসেবে ধরে নিলেও শোনা যাচ্ছে ভিন্ন কথা। শাকিব খান সবাইকে নিয়ে নতুন এক বা একাধিক সংগঠনের জন্ম দিতে চান।

রোববার রাতে ‘বেপোরায়া’র মহরত অনুষ্ঠানে সোনারগাঁও হোটেলে যান শাকিব। পরে আব্দুল আজিজ, প্রদর্শক সমিতির নেতা সাইফুল ইসলাম চৌধুরী, প্রযোজক নেতা নাসির উদ্দিন দিলু, চিত্রনায়িকা ববি, প্রযোজক ইকবাল, পরিচালক কাজী হায়াৎ, খলভিনেতা শিবা শানু, নাদের চৌধুরীর সঙ্গে মিটিং করতেও দেখা যায়। এ ঘটনায় গুঞ্জন আরো বেড়েছে।

শাকিব খানকে কয়েকমাস ধরে বয়কট করছে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। তার অভিনীত ‘রংবাজ’-এর পর ‘আমি নেতা হবো’ ছবির সেটে দুদফা কাজ করতে বাধা দেওয়া হয়। এছাড়া তার সাথে অভিনয় করায় শিল্পীদের নানাভাবে শোকজ, হয়রানি করায় বেজায় ক্ষুব্ধ হয়েছেন। তাই এ উদ্যোগ।

তবে ওমর সানী জোরালো গলায় বলেন, ‘এটি শুধুমাত্র গেট টুগেদার পার্টি ছিল। আর কিছু ভাবার অবকাশ নেই।’
সোনারগাঁওয়ের মিটিংয়ে উপস্থিত কাজী হায়াত বলেন, ‘নতুন সংগঠনের ব্যাপারে আমিও শুনেছি। এখানে কে বা কারা করছে সেটা আমি জানি না।’

তিনি আরো বলেন, ‘যখন কোনো সংগঠন এক বা একাধিক ব্যক্তিকে নিষিদ্ধ করে, অবাঞ্ছিত করে তখন নিজস্ব নিরাপত্তার স্বার্থেই তারা একতাবদ্ধ হয়।’

জাজের কর্ণধার আবদুল আজিজ বিষয়টিকে ব্যক্তিগত মিটিং বললেও সংগঠনের সম্ভাবনাকে উড়িয়ে দেননি। ‘শাকিবসহ অন্যান্যদের সাথে এটি আমাদের একান্ত মিটিং ছিল। আর সংগঠনের ব্যাপারটি অনিশ্চিত। হলে সংবাদ সম্মেলন করে জানাবো।’

তবে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র বলছে সোমবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার অফিসে এ নিয়ে আরেকটি মিটিং হবে। সবকিছু ঠিকঠাক হলে ১০ বা ১২ সেপ্টেম্বর নতুন সংগঠনের নাম ঘোষণা হবে।