তিন বছর পর চতুর্থ একক অ্যালবাম নিয়ে ফিরছেন জনপ্রিয় ফোক সংগীতশিল্পী কিশোর পলাশ। ঈদুল আজহা উপলক্ষে জি সিরিজের ব্যানারে প্রকাশ হবে ‘সন্ন্যাসী’ শিরোনামের অ্যালবামটি।

এতে সংগীতায়োজন করেছেন এফ এ সুমন। উল্লেখ্য কিশোর পলাশের সব কয়টি অ্যালবামের সংগীতায়োজন করেছেন হালের জনপ্রিয় এ কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক।

৮টি গান দিয়ে সাজানো হয়েছে ‘সন্ন্যাসী’। শিরোনাম— রঙ্গিলা কইতর আমার, কালার জ্বালা, চন্দ্রাবতীর কপালে, প্রেমে পড়িলে মানুষ, দয়ালের দয়া যারে হয়, তুমি আর আগের মত, ও চাঁদ এবং এই মাটির দেহ।
গান লিখেছেন পাগল হাসান, গরীব সঞ্জয়, মজনু শাহ ও কিশোর পলাশ। সুর করেছেন পাগল হাসান, এফ এ সুমন, বাউল নাজমুল ও কিশোর পলাশ।
অ্যালবাম প্রসঙ্গে কিশোর বলেন, ‘কনসার্টের ব্যস্ততায় প্রায় ৩ বছর অ্যালবাম করতে পারিনি। গানের কথা-সুর নিয়েও অনেক ভাবনার বিষয় আছে। এই ভাবনার সময়ও পাচ্ছিলাম না। কারণ আমি গুছিয়ে কাজ করার মানুষ। তাছাড়া আমি মনে করি, আমার গানের একটা ধারা তৈরি হয়েছে। যা একান্ত আমার মতোই। তাই বরাবরের মতো এ অ্যালবামের গানগুলোও তৈরি করেছি শ্রোতাদের প্রত্যাশার কথা মাথায় রেখে।’
ভাঙা তরী ছেঁড়া পাল, ভবের বাড়ি, যৌবন গেলে প্রেম হবে না, ভাঙা নায়, সোনাবন্ধুর গান, গেন্ডারি, ঘর লড়বর করে’র মতো জনপ্রিয় গান দিয়ে ইতোমধ্যে সংগীতাঙ্গনে নিজের জায়গা করে নিয়েছেন এ শিল্পী। কিশোর পলাশের অন্য অ্যালবাম হলো জয়গুরু, ভবের বাড়ি ও দয়াল।