রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল ছবি ‘বেপরোয়া’র শুভ মহরত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানের শুরুতে বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা নায়করাজ রাজ্জাকের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
‘বেপরোয়া’য় মূল ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়ক রোশন ও চিত্রনায়িকা ববি হক। ‘বেপরোয়া’ সিনেমা পরিচালনা করছেন ওপার বাংলা বিশিষ্ট পরিচালক রাজা চন্দ।
প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু বলেন, ‘এই শোকের মাসে যে সিনেমার শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে আমি অনেক খুশি। এই সরকারের সময়ে সিনেমা বাঁচবে। জাতির জনক বঙ্গবন্ধু ষাটের দশকে এই বাংলা সিনেমার জন্য আন্দোলন করেছিলেন। বঙ্গবন্ধু চলচ্চিত্রকে বাঁচিয়েছিলেন’।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় ৫’শ ডিজিটাল হল নির্মাণ করার পরিকল্পনা চলছে। এমনকি খুব শিঘ্রই ঢাকাসহ সারা দেশে ৫০টি ডিজিটাল হল আসছে। সিনেমা হলের দিন কখনো শেষ হবে না’।
জাজ মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল আজিজ বক্তব্যকালে বলেন, ‘আজ আমাদের মাঝে নায়করাজ রাজ্জাক নেই। আমি এই মহানায়কের স্বরণে সিনেমা ‘বেপরোয়া’ উৎসর্গ করছি। বাংলা চলচ্চিত্রের একজন নক্ষত্র ছিলেন নায়করাজ’।
আবদুল আজিজ বলেন, ‘বাংলা চলচ্চিত্রকে বাঁচাতে হলে সর্ব প্রথম হল বাঁচাতে হবে। হলের উন্নতি করতে পারলে সিনেমা মাথা তুলে দাঁড়াতে পারবে। জাজ মাল্টিমিডিয়া কোন হল মালিকের কাছে জিম্মি হবে না। জাজ মাল্টিমিডিয়া কোথাও বিক্রি হবে না। ডিজিটাল সিনেমা নির্মাণে যা করার জাজ তা করবে’।
আবদুল আজিজ আরো বলেন, ‘আমি সিনেমা হলের বাইরে ছবি কি করে মুক্তি দেওয়া যায় সেটা নিয়ে ভেবেছি এবং সমাধান বের করেছি। একটা সিনেমা বানিয়ে হলে চালালে আমি টাকা ফেরত পাবো না। আমি এখন অনলাইনে ব্যবসা করবো। জাজের ছবি অনলাইনে মুক্তিপাবে। জাজ এখন হলের জন্য সিনেমা নির্মাণ করছে না। জাজের ছবি প্রতিটি মানুষের পকেটে পৌঁছাবে। বর্তমানে সিনেমা হলের দিন শেষ হতে চলেছে’।
‘বেপরোয়ার’ সিনেমার নায়ক রোশান বলেন, ‘আমি অনেক আনন্দিত। আজকে আমার অভিনীত আরেকটি সিনেমার শুভ মহরত শেষ হল। আশা করি দর্শক নতুন কিছু দেখতে পাবেন’।
চিত্রনায়িকা ববি হক বলেন, ‘আমাকে নতুন সিনেমায় সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞ জাজ মাল্টিমিডিয়ার কাছে। নতুন করে আর কিছুই বলার নাই।
অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন, অভিনেতা ওমর সানি, কমল পাটাগার, কাদের, সঙ্গীত পরিচালক শওকত আলী ঈমনসহ আরো অনেকে।





