রাজধানীর পরিবেশটা সোমবার বিকেল থেকেই গম্ভীর। রাত পার হতেই সেটি বৃষ্টি হয়ে ঝরে পড়ল নায়করাজ রাজ্জাকের শোকে। বৃষ্টি আর চোখের পানিতে মঙ্গলবার কিংবদন্তির এই নায়ককে চিরবিদায় জানালেন সহকর্মীরা।

দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে শ্রদ্ধা জানানোর পর দুপুর পৌনে ১২টার দিকে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অবশ্য রাজ্জাকের মরদেহ আসার আগেই সেখানে জড়ো হন দীর্ঘদিনের সহকর্মী, ভক্ত ও কলাকুশলীরা। পরিবারের অভিভাবক হারানোর শোকে তখন সবাই মূহ্যমান।

বেলা সোয়া ১১টার দিকে রাজ্জাকের মরদেহ দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে আসতেই পড়ে যায় কান্নার রোল। বাবার মরদেহ নিয়ে আসেন দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাট। এরপর সারিবদ্ধ হয়ে চোখের পানি মুছতে মুছতেই নায়কের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘রাজ্জাকের মৃত্যুতে বাংলা চলচ্চিত্র অভিভাবক হারাল। তার কর্মময় জীবন নতুনদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

তথ্যমন্ত্রীর পর রাজ্জাকের মরদেহে শ্রদ্ধা জানান তার ছবির প্রথম নায়িকা সুচন্দা, ববিতা, চম্পা, নূতনসহ অনেক তারকা। তাদের চোখেমুখে রাজ্যের বিষাদ।
শ্রদ্ধা নিবেদন শেষে রাজ্জাকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিয় হয়। এতে অংশ নেন মিশা সওদাগর, শাকিব খান, ওমর সানি, ফেরদৌস, আমিন খান, ড্যানি সিডাকসহ অনেকে। পরিচালক ও প্রযোজক সমিতির প্রধান ব্যক্তিরাও জানাজায় অংশ নেন।
এফডিসিতে জানাজা শেষে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাজ্জাকের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।
প্রায় তিন শতাধিক ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করা নায়করাজ রাজ্জাক সোমবার সন্ধ্যা ছয়টা ১৩ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি অনেকদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হবে গুলশানের আজাদ মসজিদে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে বনানী কবরস্থানে।
রাজ্জাকের মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

কিংবদন্তির এই অভিনেতা ১৯৪২ সালের ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের (বর্তমান ভারতের) কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাড়ি জমান তিনি, বাকিটা ইতিহাস।