নায়ক হিসেবে রাজ্জাকের প্রথম ছবি ‘বেহুলা’র নায়িকা ছিলেন সুচন্দা। পরে তারা আরো ৩০টির মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেন। এফডিসিতে নায়করাজকে শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সকালে হাজির হন এ নায়িকা। ওই সময় স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

সুচন্দা বলেন, ‘তার সাথে আমি ত্রিশটা ছবি করেছি। একসাথে অভিনয় করেছি, খেয়েছি। এমনও সময় ছিল শুটিং না থাকলেও আমরা এফডিসিতে এসে আড্ডা মেরেছি।’

এফডিসিকে তারা দ্বিতীয় বাড়ি মনে করতেন। সুচন্দা বলেন, “জহির রায়হান যখন তাকে নায়ক হিসেবে ‘বেহুলা’তে ব্রেক দিল তখন রাজ্জাকের সেকি কান্না। জহির রায়হানকে পা ছুঁয়ে সালাম করেছিল।”
রাজ্জাকের সাথে শেষ দেখা নিয়ে সুচন্দা বলেন, “এফডিসিতে পরিচালক সমিতির ‘জীবন থেকে নেয়া’র শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠানে সর্বশেষ দেখা। সে সময় বলেন, বয়স হয়েছে মরে-টরে গেলে মাফ করে দিয়েন।”
‘তার মৃত্যুতে আমরা অভিভাবকহীন হয়ে গেলাম। অনেক দায়িত্ব দিয়ে গেলেন, কিভাবে তা পালন করব, জানি না। তিনি নায়কের মতোই বিদায় নিলেন’— বললেন সুচন্দা।
সোমবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে মারা যান রাজ্জাক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি অনেকদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
সকালে এফডিসিতে কিংবদন্তি এ নায়কের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। দুপুরে শহীদ মিনারে সর্বস্থরের জনগণের শ্রদ্ধা নিবেদন শেষে গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা হবে। এরপর বনানী কবরস্থানে সমাহিত হবেন রাজ্জাক।