জনপ্রিয় কন্ঠশিল্পী তাহসানের সঙ্গে এক দশকেরও বেশি সময়ের দাম্পত্য জীবনের অবসান হয়েছে মিথিলার। ব্যাক্তিগত জীবনের নানা ক্ষত বয়ে বেড়াচ্ছেন।
দীর্ঘদিন অভিনয় থেকে দূরেও ছিলেন। মানসিক যন্ত্রনা থেকে রক্ষা পেতে কাজে ফেরার সিদ্ধান্ত নেন মিথিলা। কিন্তু কাজে ফিরেও যে ‘বিচ্ছেদের’ মুখোমুখি গ্লাম্যারাস এ অভিনেত্রী। যন্ত্রনা যেন তাকে ছাড়ছেই না।
একটু খোলাসা করে বলি। ঈদুল আজহায় ডিভোর্স নামে একটি নাটকে দেখা যাবে মিথিলাকে। এতে মিথিলার সহ অভিনেতা আফরান নিশো। এই নাটকেও বিবাহ বিচ্ছেদ নিয়েই মন খারাপ করে থাকতে দেখা যাবে মিথিলাকে। এরইমধ্যে রাজধানীর উত্তরায় দুটি ভিন্ন শুটিং হাউজে নাটকটির শুটিং শেষ হয়েছে।
মূলত মিডিয়াতে আফরান নিশো ও মিথিলার পথচলা বলা যায় একই সঙ্গে। যে কারণে দু’জনের মধ্যে সম্পর্কটা বন্ধুত্বের। তাই দুই বন্ধু যখন কোন নাটকে একসঙ্গে কাজ করেন তখন শুটিং-এর ফাঁকে ফাঁকে গল্প, আড্ডাও জমে উঠে বেশ। ‘ডিভোর্স’ নাটকের শুটিং-এও তাই হয়েছিলো বলে জানান নিশো ও মিথিলা। তবে গল্পের যে বিষয়বস্তু তা ফুটিয়ে তুলতে নিশো ও মিথিলার আন্তরিকতার কোন কমতি ছিলো না এমনটাই জানালেন তারা দু’জনই।
‘ডিভোর্স’ নাটকে অভিনয় প্রসঙ্গে আফরান নিশো বলেন,‘ সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়েই এই নাটকটি শিহাব ভাই নির্মাণ করেছেন। এটা কারো জীবনের কোন ঘটনার সাথে মিলিয়ে ফেলাটা বোকামী হবে। আমাদের সবার মধ্যেই সমস্যা থাকে। সমস্যাগুলো নিজেরা বুঝে নিয়ে বোঝপড়া করলেই ঠিক হয়ে যায়। আর যদি তা না করা যায় তাহলে দূরত্ব বাড়তেই থাকে। মিথিলা আমার খুউব ভালো একজন বন্ধু, তারসঙ্গে কাজ করতে সবসময়ই আমার ভালোলাগে। লক্ষ্মী একটি মেয়ে। এই কাজটি দর্শকের ভালোলাগবে।’
মিথিলা বলেন, ‘এবারের ঈদ উপলক্ষে এটাই আমার শুটিং করা শেষ নাটক। গল্প, পরিচালক ও সহশিল্পী সব মিলিয়েই ভালো লাগা ছিল কাজটিকে ঘিরে। নিশো আমার খুব ভালো বন্ধু, এ সময়ের একজন প্রমাণিত অভিনেতাও বটে। যে কারণে অভিনয়টা দারুণ উপভোগ করেছি।’
আসছে ঈদে আরটিভিতে প্রচার হবে নাটকটি, জানালেন নির্মাতা শিহাব শাহীন।





