চলচ্চিত্রটি দেশে এখনো মুক্তি পায়নি । অথচ তার আগেই একটি সুখবর পেল চলচ্চিত্রের নির্মাতারা। এবার ইংল্যান্ডের তিন শহরে মুক্তি পেতে যাচ্ছে বাউল আব্দুল করিমের জীবন নির্ভর চলচ্চিত্র ‘রঙ্গের দুনিয়া’।

মোক্তাদির ইবনে ছালাম নির্মিত চলচ্চিত্রটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সে দেশে মুক্তি দিচ্ছে বেঙ্গলি ফিল্ম ক্লাব ইউকে। সম্প্রতি লন্ডনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির কর্তাব্যক্তিরা।

সংবাদ সম্মেলনে ইউকে বাংলা ফিল্ম ক্লাবের অন্যতম পরিচালক শাম ইসলাম জানান, ‘এখন থেকে প্রতি সপ্তাহে লন্ডন, বার্মিংহাম ও লুটোনের তিনটি প্রেক্ষাগৃহে বাংলাদেশ ও কলকাতার চলচ্চিত্র প্রদর্শন হবে। পর্যায়ক্রমে আরও হল বাড়বে।

বাউল আব্দুল করিমকে নিয়ে নির্মিত ‘রঙ্গের দুনিয়া’ চলচ্চিত্রটির মাধ্যমে এ যাত্রা শুরু করতে পেরে আমরা আনন্দিত।’

চলচ্চিত্রটিতে বাউল করিমের কিশোর, তরুন, ও পরিণত বয়সের চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে-ফারজান, আগুন ও খাইরুল আলম সবুজ।

অন্যান্য চরিত্রে অভিনয় করছেন, স্বাধীন খসরু, ঝুনা চৌধুরী, ফারজানা ছবি, শিরিন বকুল, লাক্স সুপার স্টার শানু রাই দেবী শানু, আব্দুল আজিজ, সাইফুল ইসলাম মাহমুদ, কন্ঠশিল্পী আশিক ও হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ১৫০ জন অভিনেতা-অভিনেত্রী ।