নায়করাজের মৃত্যুতে শোকাহত চলচ্চিত্র পরিবার। রাজ্জাকের মৃত্যুতে শোকাহত ফিল্ম ইন্ডাস্ট্রি। কিংবদন্তি নায়করাজ রাজ্জাক সোমবার (২১ আগষ্বট) সন্ধ্যায় না ফেরার দেশে চলে গেছেন। সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬বছর।

অভিনয় জীবনে যে কজন অভিনেত্রীর সঙ্গে রাজ্জাক জুটি বেঁধে দর্শক মাতিয়েছেন তার মধ্যে অন্যতম রাজ্জাক-ববিতা জুটি।

রাজ্জাকের মৃত্যুর পর গণমাধ্যমকে ববিতা বলেন, ‘রাজ্জাক ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা এমন ছিল যেন আমরা একটা পরিবার। আমার যেকোনো বিষয়ে রাজ্জাক ভাইকে জানাতাম। পরামর্শ নিতাম। আমাদের সম্পর্কটা অন্যরকম ছিল। রাজ্জাক ভাইয়ের বিষয়ে বলে শেষ করা যাবে না। তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির ইনস্টিটিউশন ছিলেন। একজন মেন্টর, একজন দার্শনিক ছিলেন রাজ্জাক ভাই।’

নায়করাজ দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। এর আগে বেশ কয়েক দফা তিনি চিকিৎসা নিয়েছিলেন ইউনাইটেড হাসপাতালে। সম্প্রতি আবার শরীর খারাপ হলে তার পরিবার তাকে হাসপাতালে নিয়ে আসে। অবশেষে আজ সোমবার তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।