বাংলা চলচ্চিত্রের এক অমর নাম নায়করাজ রাজ্জাক। যে নামটি শুনলে হাজারো ভক্তের মনে শিহরণ জেগে উঠে। এ দেশের ঘরে ঘরে, প্রতিটি জনপদে প্রিয় এ নামটি। বাংলা চলচ্চিত্রের অঘোষিত এক সম্র্রাট তিনি। অসংখ্য সিনেমা নাটকে অভিনয় করে জয় করে নিয়েছেন কোটি কোটি ভক্তের হৃদয়।
কিন্তু তার জীবনের গল্পের শুরুটা খুব মসৃণ ছিল না। ষাটের দশকে সাম্প্রদায়িক দাঙ্গার আগুনে যখন পুড়ছিল এই উপমহাদেশের মানুষ, সেই উত্তাল সময়ে কলকাতা থেকে স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে এক যুবক পা রেখেছিলেন ঢাকায়। তারপর এক অনিশ্চিত যাত্রা। কে জানত, সেই যুবক একসময় হয়ে উঠবেন বাংলা চলচ্চিত্রের রাজপুত্র!
অভিনয় জীবনে যে কজন অভিনেত্রীর সঙ্গে রাজ্জাক জুটি বেঁধে দর্শক মাতিয়েছেন তার মধ্যে অন্যতম রাজ্জাক-সুচন্দা জুটি। হঠাৎ রাজ্জাকের মৃত্যুর খবর শুনে হতবাক সুচন্দা।
‘টেলিভিশন দেখে দুঃসংবাদটি জানলাম। আমি কি বলবো বুঝতে পারছি না। কথা বলার মতো কোনো অবস্থাতেই এখন নেই। একদম নির্বাক হয়ে গেছি। হঠাৎ করে এ রকম একটা ঘটনা ঘটবে তা কল্পনাও করিনি।’
উল্লেখ্য, জহির রায়হানের ‘বেহুলা’ চলচ্চিত্রে প্রথম রাজ্জাকের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন সুচন্দা। সিনেমাটি ১৯৬৬ সালে মুক্তি পায়। এরপর ১৯৭০ সালে জহির রায়হান পরিচালিত ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রেও জুটি বাঁধেন রাজ্জাক-সুচন্দা। তবে এর মধ্যে ‘আনোয়ারা’, ‘দুই ভাই’, ‘সুয়োরানী দুয়োরানী’, ‘জুলেখা’ প্রভৃতি সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হন তারা।





