বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক, পরিচালক, প্রযোজক রাজ্জাক সোমবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর খবর বিএফডিসিতে পৌঁছানোর পর পরই তিনদিনের কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক ও শিল্পী সমিতি।
জনগণনন্দিত নায়কের মৃত্যুতে সোমবার সন্ধ্যায় এফডিসিতে সমিতির মহাসচিব বদিউল আলম খোকন এবং শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ ঘোষণা দেন।
সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনািইটেড হাসপাতালে কিংবদন্তি এ অভিনেতা ইন্তেকাল করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন। এছাড়া চলচ্চিত্র অঙ্গনের সহযোদ্ধারাও শোক জানিয়েছেন।
বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গন যে কয়েকজন মানুষের কাছে আজীবন ঋণী থাকবে তাঁদের মধ্যে সর্বাগ্রে থাকবে এই মানুষটির নাম। নীল আকাশের নিচে, ছুটির ঘণ্টা, জীবন থেকে নেয়া, এতটুকু আশা, নাচের পুতুল, অশিক্ষিত, পিচঢালা পথ, আবির্ভাব, দ্বীপ নেভে নাই, টাকা আনা পাই, রংবাজ, আলোর মিছিলসহ অসংখ্য সিনেমা দিয়ে আপামর মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল ২২ আগস্ট মঙ্গলবার জোহরের নামাজের পর গুলশানে আজাদ মসজিদে জানাজা শেষে দুপুরে বনানী কবরস্থানে দাফন করা হবে কিংবদন্তি এ অভিনেতাকে।





