বাংলাদেশের মডেলিং ও অভিনয় জগতের পরিচিত মুখ ফারিয়া শাহরিন। বর্তমানে এ অভিনেত্রী মালয়েশিয়ান একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। কিন্তু কেমন আছেন সেখানে আমাদের দেশি অভিনেত্রী ফারিয়া শাহরিন?

তবে সেখানে বিভিন্ন সময় নানা বাজে মন্তব্য ও কুরুচিপূর্ণ কথা শুনতে হয় বলে জানিয়েছেন এই অভিনেত্রী। পরদেশে থাকেন বলে তাদের কিছু বলতে পারেন না বলে আক্ষেপ করেন ফারিয়া শাহরিন। গত ৯ আগস্ট তিনি ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন- ‘আমরা মেয়েরা সবসময় মেয়েই থাকব, আমরা কোনোদিন পুরুষের সমান হতে পারব না। যতই নারী আন্দোলন, হিউম্যান রাইটস, ওমেন রাইটস, নারী পুরুষ সমান বুলি ঝারি না কেন আমরা কোনোদিন অনের সমান হতে পারব না। কারণ আমরা শারীরিকভাবে দুর্বল। কষ্ট হয় কথাগুলো বলতে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যখন কোনো আরব গাড়ি থেকে মাথা বের করে নোংরাভাবে শিস দিয়ে ইশারা করে ডাকে, তখন আমার মতো রগচটা ফারিয়াও মাথা নিচু করে চলে যায়। ইচ্ছা করে গলা টিপে চোখ খুলে টেনে বের করে ফেলি, কিন্তু একটা টু শব্দ করারও সাহস হয় না, ভয় হয় যদি ধরে নিয়ে যায়!

তিনি আরও লিখেন, কমপ্লেইন দেবো কাকে? ঐ পুলিশও তো গাড়ি থামিয়ে ইশারা করে। আরে আমি তো অ্যাডাল্ট, তিন বছরের ছোট বাচ্চারাই রেহাই পায় না এসব জানোয়ারদের থেকে। এই ছোট বাচ্চাও ওদের হিংস্রতার শিকার। এই অভিশাপ আর কত দিন কত বছর! যাদের ছেলে নেই, তাদের মেয়েরা কি বাপ মা অসুস্থ হলে রাত তিনটায় ওষুধ কিনতে কোনোদিন রাস্তায় নামতে পারবে না? কোনোদিন জ্যোৎস্না দেখতে রাত বিরাতে রাস্তায় বসে টং দোকানে চা খেতে পারবে না’?