জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জন্য কেরানীগঞ্জে ২০০ একর জমি অধিগ্রহণ করতে প্রশাসনিক অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পাঠানো এক চিঠিতে এই অনুমোদনের তথ্য নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের পত্রের মর্ম মতে বিশ্ববিদ্যালয়ের জন্য পূর্ব প্রদত্ত দক্ষিণ কেরানীগঞ্জ বাঘৈর মৌজায় ৫০.০০ একর (কম/বেশী) জমি অধিগ্রহণের অনুমোদন বাতিল পূর্বক আবেদনকৃত দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমনি মৌজায় ২০০.০০ একর (কম/বেশী) জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন করতে সরকার সম্মত হয়েছে।’ শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এই চিঠিতে উপরোল্লিখিত মৌজার দাগ নম্বরও উল্লেখ করা হয়েছে।

এ সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, ‘জমি অধিগ্রহণ সংক্রান্ত একটি পরিপত্র রবিবার আমার কাছে এসেছে। যা অধিগ্রহণ সংক্রান্ত প্রাথমিক একটি ধাপ। আরও কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যেতে হবে। তারপর আমরা অধিগ্রহণ শরু করতে পারবো। বলতে পারেন এই অনুমোদনটি বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে একটি বড় ধরনের অগ্রগতি।’