বাংলাদেশের সংগীত জগতের চারজন জনপ্রিয় তারকাকে নিয়ে ঈদুল আজহা উপলক্ষে নির্মিত হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘মোমেন্টস অব মিউজিক’। অংশগ্রহণ করেছেন ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, দিলশাদ নাহার কনা ও ইমরান মাহমুদুল।

আড্ডা, কুইজ ও গান— মূলত এই তিনটি সেগমেন্ট দিয়েই সাজানো হয়েছে অনুষ্ঠানটি। পুরোনো দিনের চলচ্চিত্রের গান থেকে তৈরি কুইজ, আড্ডা, একক ও ডুয়েট গানে অংশ নিয়েছেন শিল্পীরা।

‘মোমেন্টস অব মিউজিক’-এ ফাহমিদা নবীর কণ্ঠে শোনা যাবে ‘চোখের কার্নিশে’ গানটি। বাপ্পা মজুমদার শোনাবেন ‘তুমি নাই’, কনার ‘চাঁদের কনা’ ও ইমরান শোনাবেন ‘ধোঁয়া’। এছাড়া ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদারের দ্বৈত ‘তোমার চোখের মাঝে’ এবং কনা-ইমরানের ‘রঙ্গিলা রঙ্গিলা’ শোনা যাবে।

অনুষ্ঠানের কুইজ পর্বে শোনা যাবে পুরোনো দিনের গান— তুমি যে আমার কবিতা, আবার এলো যে সন্ধ্যা, দুশমনি করো না প্রিয়তমা ও অনেক সাধনার পরে আমি পেলাম তোমান মন।
প্রকৌশলী ও কমেডিয়ান নাভিদ মাহবুবের উপস্থাপনায় ‘মোমেন্টস অব মিউজিক’ পরিচালনা করেছেন লানা খান। প্রচারিত হবে ঈদের ষষ্ঠদিন রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায়।