আসিফ আকবরের নতুন মিউজিক ভিডিও আসছে কয়েকদিন পরেই। কয়েকদিন আগে প্রকাশিত স্থিরচিত্রে দেখা যায়, ৭০ দশকের নায়কের লুকে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় এ কণ্ঠশিল্পী।

গানটির শিরোনাম ‘সাদা আর লাল’। লিখেছেন আসিফ ইকবাল। সুর-সঙ্গীত আয়োজন করেছেন অটোমনাল মুন। আসিফের সঙ্গে মডেল হয়েছেন নায়িকা পপি।

বরাবরই ভিডিওর চেয়ে গানের দিকেই নজর দিয়েছেন আসিফ। হঠাৎ এমন লুকে দেখে চমকেছেন অনেকেই। এই ভিডিও প্রসঙ্গে আসিফ দিলেন দীর্ঘ বয়ান।

ফেসবুকে শুক্রবার দুপুরে লেখেন, “মানুষ সময়কে বদলায় নাকি সময়ে মানুষ বদলায়— এ বিতর্কে যাবো না। তবে এটা জানি সময়ের হাতে সময় অনন্ত আর মানুষের হাতে সময় সীমিত, বদলাতে হয় কখনো কখনো। ভাবিনি মিউজিক ভিডিও করতে গিয়ে নিজেকে সময়ের গহ্বরে নিক্ষেপ করতে হবে। আমি যেভাবেই থাকি সেটা বিবেচ্য বিষয় নয়, মানুষকে আনন্দ দিতে দিতে নিজের ব্যক্তি জীবন ভুলে যাই, অবশ্যই এটা আমার পেশা এবং প্রতিজ্ঞা। অনেকটা হীরক রাজ্যের প্রজাদের বাধ্যতামূলক স্লোগান গানের মতো ‘যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান’।এখানে এন্টারটেইনমেন্ট মূখ্য বিষয়।”

এক পর্যায়ে আসিফ জানালেন, শ্রোতাদের বিনোদন দিতেই তার এই ভিডিও। বললেন, ‘সিনেমার নায়কদের মতোই ভাগ্যান্বেষণে আজ থেকে বিশ বছর আগে ঢাকায় এসেছিল এক যুবক। ভাগ্য তাকে হাইকোর্ট দেখিয়েছে, যুবক হাইকোর্টে লড়েছে এবং কোর্ট তার পক্ষেই সদয় রায় দিয়েছে। মুখপোড়াদের মুখে জনসন বেবি পাউডার মাখিয়ে দিয়ে আসিফ এক্সপ্রেস চলছে মাথা উঁচিয়ে, বুক চিতিয়ে। এদেশে বেশি বিনয় দেখালে নপুংশক মনে করে, তাই শো-রুমে বিনয় কম, গোডাউন ভরপুর করে রেখেছি। আমি বিনোদনের ফেরিওয়ালা, আপনি আপনারা বিনোদিত হতে থাকুন, প্রশান্তি নিজে খুঁজে নেব বরাবরের মতোই।’