ওমর সানী হলেন একজন বাংলাদেশী জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। নব্বইয়ের দশকে সালমান শাহ এর সাথে তার বক্স অফিস যুদ্ধ বেশ জনপ্রিয়।
আতঙ্কে আছেন ওমর সানি। ফেসবুকই তাঁর এই আতঙ্কের কারণ বলে জানান তিনি। সহায়তা চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হন তিনি। আজ সকালে তুরাগ থানায় হাজির হয়ে তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর ২২৯।
বন্ধু দিবসের প্রথম প্রহরে ফেসবুকের মাধ্যমে বন্ধু, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানাবেন বলে ফেসবুকে লগ ইন করার সময় ওমর সানি দেখেন তার অ্যাকাউন্ট আর কাজ করছে না। তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে।
কে বা কারা তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছে, তা জানেন না তিনি। রোববার ভোর সোয়া চারটার পর থেকে ওমর সানির ফেসবুক অ্যাকাউন্ট আর ব্যবহার করা সম্ভব হচ্ছে না। হ্যাক করে এই আইডি বর্তমানে অন্য কেউ ব্যবহার করছে।
তাই ভক্ত, বন্ধু এবং দেশে ও দেশের বাইরের সবার উদ্দেশে ওমর সানি বলেন, এই আইডি থেকে কোনো ধরনের অশালীন বক্তব্যের কোনো পোস্ট এবং রাষ্ট্রীয় ও ধর্মীয় অবমাননামূলক কোনো বক্তব্য হয়ে থাকলে এর জন্য তিনি দায়ী থাকবেন না। ফেসবুক হ্যাক করার মতো কাজের সঙ্গে যে বা যারাই জড়িত, তাদের প্রতি তীব্র নিন্দা জানান তিনি।





