কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হিসেবে ভক্তদের কাছে বেশি পরিচিত আরফিন রুমি। গানের পাশাপাশি মাঝে মাঝে মিউজিক ভিডিওতে অভিনয়ও করেন তিনি। তবে চমকপ্রদ তথ্য হলো- এবার রূপালি পর্দায় দেখা যাবে তাকে। নিজের গাওয়া গানের সঙ্গে অভিনয় করবেন তিনি।
ছবিতে গল্পের প্রয়োজনে একটি কনসার্টের দৃশ্য করতে হচ্ছে। যেখানে পহেলা বৈশাখের কনসার্টে একজন গায়ককে গান গাইতে দেখা যাবে।
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবির একটি গানে অভিনয় করার জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন আরফিন রুমি। ‘পাপী তাপী মন/কান্দে সারাক্ষণ’ শিরোনামের এ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সংগীতায়োজনও তিনি নিজেই করেছেন। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ।
পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানান, রমজান মাসে এ দৃশ্যের কাজ শুরু হলেও বৈরি আবহাওয়ার কারণে তা এখনও শেষ করতে পারেননি। শিগগিরই দৃশ্যধারণের কাজ শেষ হবে বলেও জানান তিনি।
‘জান্নাত’-এ প্রধান চরিত্রে অভিনয় করছেন মাহিয়া মাহি ও সাইমন সাদিক। এছাড়াতাদের পাশাপাশি আরও রয়েছেন আলীরাজ, মিশা সওদাগর, শিমুল খানসহ প্রমুখ। এটি প্রযোজনা করছে এসএস মাল্টিমিডিয়া। এর কাহিনি লিখেছেন সুদীপ্ত সাইদ খান ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান।





