আসন্ন ছবি ‘অ্যা জেন্টালম্যান’-এর তৃতীয় গান ‘চন্দ্রলেখা’র উদ্বোধনী নিয়ে ব্যস্ত ছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ ও সিদ্ধার্থ মালহোত্রা। কিন্তু সেটি আর যাওয়া হলো না জ্যাকলিনের। কেননা পেটের অসুখের কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানা গেছে।
‘কিক’খ্যাত এই তারকার একটি ঘণিষ্ঠসূত্র জানান, ‘চন্দ্রলেখা’ গানটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও সেখানে যেতে পারেননি জ্যাকলিন। পেটে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। এজন্য কিছুদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এমনকি কোন অ্যাকশন দৃশ্যেও কাজ করতে পারবেন না বলিউডের এই অভিনেত্রী।
এর আগে ‘জুড়ুয়া টু’ ছবির দৃশ্যধারণ করতে গিয়ে গুরুত্বর চোট পেয়েছিলেন শ্রীলঙ্কান এই সুন্দরী।





