নায়করাজ রাজ্জাক পুত্র বাপ্পারাজ অনেক আগেই পরিচালকের খাতায় নাম লিখিয়েছেন। এবার বাপ্পারাজ তার পরিচালনার দ্বিতীয় ছবি নির্মাণ করতে চলেছেন।
আর এ ছবিতে দীর্ঘদিন পর অভিনয় করতে দেখা যাবে নায়ক রাজ রাজ্জাককে। আর সেই সঙ্গে বাংলা ছবির কিং খান শাকিব খান থাকবেন প্রধান চরিত্রে। আর এমনটাই জানিয়েছেন বাপ্পারাজ নিজেই।
ছবির নাম দেওয়া হয়েছে ‘তারছেঁড়া’। তবে শাকিবের বিপরীতে কে থাকছেন তা নিয়ে এখনও ফাইনাল হয়নি। আশা করা যাচ্ছে শবনম বুবলিকে রাখা হবে।
‘তারছেঁড়া’তে রাজ্জাক, শাকিব খানের পাশাপাশি রাজ্জাক পুত্র সম্রাটকেও দেখা যাবে। সবকিছু ঠিক থাকলে আসছে ঈদের পরই শ্যুটিং কাজ শুরু হবে। বাংলাদেশসহ বিদেশের মাটিতেও শ্যুটিং হবে ‘তারছেঁড়া’র।
বাপ্পারাজ বলেন, ‘বাবা কথা দিয়েছেন। তবে সবকিছু নির্ভর করছে তার সুস্থতার ওপর। যদি বাবা অভিনয় করেন তবে একেবারে ভিন্নরকম একটি চরিত্রে তাকে দেখা যাবে।
তিনি আরো বলেন, এ ছবিতে আমি শাকিব খান, বুবলী, সম্রাটকে নিয়ে কাজ করব। সম্রাটের বিপরীতে নতুন একজন নায়িকা নেওয়ার পরিকল্পনা আছে এবং একটি বিশেষ ধরনের চরিত্রে জায়েদ খানকে রাখারও চিন্তা করছি।’





