মাদ্রাসা ও কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। চলতি বছর জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৭২৬ জন।
এবার পাসের হার এবং জিপিএ-৫ দুটোই কমেছে। এবারে ১০ বোর্ডের গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ। গতবার এ হার ছিল ৭৪ দশমিক ৭০ শতাংশ।
এবারের ৮টি সাধারণ শিক্ষাবোর্ডর অধীন শুধু এইচএসসি পরীক্ষার গড় পাসের হার ৬৬.৮৪ শতাংশ। গতবার এ হার ছিল ৭২ দশমিক ৪৭ শতাংশ। এখানেও পাসের হার কমেছে। এবারের জিপিএ-৫ পেয়েছেন ৩৩ হাজার ২৪২ জন। গতবার পেয়েছিল ৪৮ হাজার ৯৫০ জন।
অন্যদিকে মাদ্রাসা ও কারিগরিতেও গতবারের চেয়ে ফল খারাপ হয়েছে। মাদ্রাসা বোর্ডে এবার পাসের হার ৭৭ দশমিক ২ শতাংশ। এ বোর্ডে ১১ শতাংশের বেশি পাসের হার কমেছে। এখানে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮১৫ জন। অন্যদিকে কারিগরিতে শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.৩৩ শতাংশ। গতবার এ হার ছিল ৮৪.৫৭ শতাংশ। এখানে জিপিএ পেয়েছেন ২ হাজার ৬৬৯ জন।
রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সেখানে তিনি ফলাফলের সংক্ষিপ্ত কিছু তথ্য তুলে ধরেন।





