ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। ইতোমধ্যে এ জুটির কয়েকটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এরই ধারাবাহিকতায় শাহনেওয়াজ শানু পরিচালিত ‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন তারা।

ইতোমধ্যে ‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমাটির অধিকাংশ শুটিং সম্পন্ন হয়েছে। গতকাল থেকে শুরু হয়েছে এ সিনেমার শেষ অংশের শুটিং। এ সপ্তাহেই এর ক্যামেরা ক্লোজ হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

এ প্রসঙ্গে শাহনেওয়াজ শানু বলেন, ‘কয়েকটি দৃশ্যের কাজ বাকি ছিল সেগুলো গতকাল করেছি। এখন একটি গানের কাজ বাকি আছে। এটির কাজ এ সপ্তাহেই শেষ করে ক্যামেরা ক্লোজ করব। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই এ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে।’

এ প্রসঙ্গে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী বলেন, ‘‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমাটির গল্প ও মেকিং দারুণ হয়েছে। দর্শক সিনেমাটি দেখলে এটি বুঝতে পারবেন। এতটুকুই বলতে চাচ্ছি।’

‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমায় বাপ্পি-মাহি ছাড়া আরো অভিনয় করেছেন- মিশা সওদাগর, জারা, আহমেদ শরীফ, শিবা শানু প্রমুখ। রোমান্টিক-অ্যাকশন ঘরানায় নির্মিতব্য সিনেমাটি প্রযোজনা করছে ফোর সিজন ফিল্মস।

নির্মাতা শাহনেওয়াজ শানুর পরিচালনায় এটি দ্বিতীয় সিনেমা। তার পরিচালিত প্রথম সিনেমা ‘মাটির পিঞ্জিরা’ মুক্তি পায় ২০১২ সালে।