অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমাটি মুক্তি পারে আগামী ৪ আগস্ট। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার প্রচারণা শুরু করেছেন সিনেমা সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার থেকে পুরোদমে সিনেমাটির প্রচারণায় নামবেন তারা। এ উপলক্ষে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এ সিনেমার অভিনেতা-অভিনেত্রী, পরিচালক ও কলাকুশলীরা। সিনেমাটি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তারা। এখানে আরও উপস্থিত থাকবেন আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান ও আরটিভির উদ্ধর্তন কর্মকর্তাগণ।
তবে একটি বিশেষ সূত্রে জানা গেছে, এই সংবাদ সম্মেলনে যোগ দিতে পারছেন না সিনেমার নায়ক পরব্রত। থাকবেন নায়িকা ভাবনা, সিনেমার নির্মাতা ও অন্যান্য কলাকুশলীরা।
এ বিষয়ে সিনেমার নির্মাতা অনিমেষ আইচ পরিবর্তন ডটকমকে বলেন, ‘পরমব্রত আমাদের সাথে যোগ দেওয়ার কথা ছিলো। একটি বিশেষ কাজে আটকে যাওয়ায় আসতে পারছেন না। তবে আগামী ২৫ জুলাই থেকে তিনি আমাদের সাথে থেকে সিনেমার প্রচারণা করবেন।’
‘ভয়ংকর সুন্দর’ সেন্সর ছাড়পত্র পায় ১৬ মার্চ। এর আগে ১২ ফেব্রুয়ারি বোর্ডে জমা পড়েছিল সিনেমাটি। ছাড়পত্রপ্রাপ্তির দীর্ঘসূত্রিতায় মুক্তি পিছিয়ে যায়।
মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক’ গল্প অনুসারে ‘ভয়ংকর সুন্দর’ নির্মিত হয়েছে। কলকাতার পরমব্রতর বিপরীতে অভিনয় করেছেন ঢাকার আশনা হাবিব ভাবনা। সিনেমাটি প্রযোজনা করেছে এ স্কয়ার ফিল্ম কোম্পানি।
ইতোমধ্যে সিনেমাটির টিজার ও গান প্রকাশ হয়েছে ইউটিউবে। যা দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে।





