বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যপদ থেকে অব্যাহতি চেয়েছেন বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী। এ ব্যাপারে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কাছে অব্যাহতিপত্র দিয়েছেন সিনেজগতের অন্যতম প্রতিভাবান এই অভিনেত্রী।
সোমবার বিকেলে তিনি বিএফডিসি মারফত এই আবেদন পাঠান। আবেদনে তিনি ব্যাক্তিগত সমস্যার কথা উল্লেখ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক ওমর সানি। এ তথ্য জানিয়েছেন, শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য সাইমন সাদিক।
এ প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, ‘নির্বাচনের পর মৌসুমী ম্যাডাম শপথ গ্রহণ করেননি এবং আমাদের মিটিংয়েও অংশ নেন নি। এ জন্য আমরা তাকে চিঠি পাঠিয়েছি। আজ তিনি লিখিতভাবে শিল্পী সমিতির সদস্যপদ থেকে সরে দাঁড়িয়েছেন। এতে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।’
অব্যাহতি পত্রে মৌসুমী লেখেন, ‘আমি বাংলাদেশ শিল্পী সমিতির ২০১৭-২০১৯ মেয়াদে কার্য নির্বাহী পরিষদ সদস্য পদে নির্বাচিত হই। আমার ব্যক্তিগত নানাবিধ সমস্যা থাকার কারণে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করা সম্ভব নয়। সে কারণে আমি উক্ত পদ হতে পদত্যাগ করতে আগ্রহী। ‘
উল্লেখ্য, গত ৫ মে অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিস্বন্দ্বিতা করেন ওমর সানি। পরবর্তীতে ওমর সানি ভোট পুনর্গণনার আবেদন করলেও ভোটের খুব বেশি হেরফের হয়নি। তিনি জয় না পেলেও কার্যনির্বাহী সদস্যপদে বিপুল ভোটে জয়লাভ করেন মৌসুমী।





