কয়েকদিন আগে জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার সিনেমার পক্ষে বিবৃতি দিয়েছিলেন কাজী হায়াৎ। এবার জানা গেল, প্রতিষ্ঠানটির হয়ে সিনেমা বানাবেন এ নির্মাতা। জাজ মাল্টিমিডিয়া থেকে জানানো হয়, কিছু বন্ধ সিনেমা হল চালু করবে তারা। এ ছাড়া বছরে ১৮টি ছবি নির্মাণ করা হবে।

জাজের চেয়ারম্যান আবদুল আজিজ আরো জানালেন, হল চালুর পাশাপাশি নতুন সিনেমা হল নির্মাণ করবেন তারা। বিদেশে বাংলাদেশি ছবি ও শিল্পীদের প্রতিষ্ঠা করা, বিশ্ব বাজারে দেশীয় ছবির বাজার সম্প্রসারণ, স্থানীয়ভাবে ছবি নির্মাণ বৃদ্ধিসহ জাজের রয়েছে আরও অনেক উদ্যোগ। শিগগিরই শাকিব খানকে নিয়ে তিনটি ছবি নির্মাণের পরিকল্পনা রয়েছে জাজের। কাজী হায়াৎকে দিয়ে একটি ছবি নির্মাণ করবে জাজ।

আবদুল আজিজ বলেন, সবই করা হবে দেশীয় চলচ্চিত্রের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য। উল্লেখ্য কাজী হায়াৎ দাঙ্গা, ইতিহাস, দেশপ্রেমিকের মত ছবিগুলো নির্মাণ করেছেন। এছাড়া জাজ মাল্টিমিডিয়ার অধীনে আড়াশ হলে ডিজিটাল প্রজেকশন মেশিন রয়েছে। তারা বর্তমানে দেশের শীর্ষ চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান।