বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রেসপিরেটরি (বক্ষব্যাধি) মেডিসিন নামে স্বতন্ত্র বিভাগ চালু হয়েছে। এ নিয়ে বিএসএমএমইউতে বিভাগ হলো ৫১টি।

এ ছাড়া হয়েছে ইনস্টিটিউট অব প্যাডিয়াট্রিক নিউরোডিসঅর্ডার অ্যান্ড অটিজম (ইপনা) নামে একটি সেন্টার। অপরদিকে বিশ্ববিদ্যালয়ে তিন পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৫০তম সভার সুপারিশ, সিন্ডিকেটের ৬৩তম সভার সিদ্ধান্ত এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন অনুযায়ী ইন্টারনাল মেডিসিন বিভাগ থেকে পৃথক করে রেসপিরেটরি উইং বিভাগ খোলা হয়েছে।

চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম মোশররফ হোসেন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১২ এর ২৭(২) ধারা অনুযায়ী, রেসপিরেটরি মেডিসিন বিষয়ের জ্যেষ্ঠতম শিক্ষক অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেনকে উক্ত বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার উপাচার্যের কার্যালয়ে অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেনের হাতে নিয়োগপত্র তুলে দেন উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উক্ত তথ্য জানা গেছে।

অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন রেসপিরেটরি বিভাগের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পাওয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের নীচে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন এবং উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নতুন সহকারী প্রক্টর ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ
বিশ্ববিদ্যালয়ের নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ। বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। সহযোগী অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহর হাতে নিয়োগপত্র তুলে দেন উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

উল্লেখ্য, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান, সহযোগী অধ্যাপক ডা. মো. আবু তাহের, সহযোগী অধ্যাপক ডা. মো. আহসান হাবীব, সহকারী অধ্যাপক ডা. মো. রেজাউল আমিন সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করছেন।

অর্থ ও হিসাব অফিসের নতুন পরিচালক মো. আবদুস সোবহান
বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব অফিসের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ের প্রাক্তন মহাপরিচালক (অডিট) ও বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডার মো. আবদুস সোবহান। এর আগে এই পদে ছিলেন মো. ছিদ্দিকুর রহমান ভূঁঞা। মো. আব্দুস সোবহান ১ জুলাই কাজে যোগ দিয়েছেন। রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান অর্থ ও হিসাব অফিস পরিদর্শন করেছেন।