এর আগে একসঙ্গে তাঁদের রুপালি পর্দায় দেখা গেছে ছয়বার। শেষবার ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবিতে। মাঝখানে এক দশকের বিরতি।
২৩ জুন মুক্তি পাওয়া ‘টিউবলাইট’ ছবিতে আবারও একসঙ্গে সালমান খান আর শাহরুখ খান। ছবিটি মূলত সালমান খানের হলেও এতে একটি বিশেষ দৃশ্যে আছেন শাহরুখ খান।
‘টিউবলাইট’-এর এক প্রচারণা অনুষ্ঠানে সালমান জানালেন কিভাবে শুধু এক ফোনেই রাজি হয়ে গিয়েছিলেন শাহরুখ।
‘দাবাং’ তারকা বলেন, ‘যখন কবির (ছবির পরিচালক) জানাল ছবিটির একটি বিশেষ দৃশ্যে শাহরুখ অভিনয় করলে বেশি ভালো হয় তখন আমি ফোন করে ওকে বলা শুরু করি, টিউবলাইটে একটা ছোট দৃশ্য আছে...। এই পর্যন্ত বলার পরেই শাহরুখ আমাকে থামিয়ে দেয়, ঠিক আছে আমি রাজি। ও আমাকে পুরো বাক্যটাও শেষ করতে দেয়নি, তার আগেই রাজি হয়ে যায়। ’ এর মধ্যে ছবি মুক্তির এক দিন আগেই শাহরুখ খানের অভিনয় করা সেই বিশেষ অংশটি ইন্টারনেটে প্রকাশিত হয়ে যায়। দুই মিনিটের এই ভিডিওতে শাহরুখ খানকে একজন জাদুকরের ভূমিকায় দেখা যায়।





