গতকালই মুক্তি পেয়েছে ‘বস ২’। এই ছবিতে আবারও প্রমাণ করতে পেরেছেন জিৎ যে, তিনি কোনও ভানভনিতার মধ্যে নেই। দর্শককে স্রেফ হাসি মজায় মজিয়ে দিতে চান। দর্শকও তাকে খালি হাতে ফেরায়নি।
প্রথম দিনে আঞ্চলিক ছবির মধ্য জিতের ছবি সবচেয়ে বেশি ব্যবসা করেছে। কলকাতার বক্স অফিসের রির্পোট অনুযায়ী প্রথম দিনে ‘বস-টু’র আয় সাড়ে ৩৭ লক্ষ টাকা। আর দেবে ‘চ্যাম্প’ আয় করেছে ৩১ লক্ষ টাকা।
পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি হলে মুক্তি পেয়েছে সালমান খানের ‘টিউবলাইট’। শুধু পশ্চিমবঙ্গেই সালমানের ছবিটি আয় করেছে সাড়ে ৯৯ লক্ষ টাকা।
দর্শককে স্রেফ হাসি মজায় মজিয়ে দিতে চান জিৎ। না রইলো বাস্তব জীবন, না রইলো নীতিবাক্য শোনানোর দায়। ‘বস’-এর দায়িত্ব তো শুধু দর্শককে আনন্দ দেওয়া। জিৎ সেটাই করলেন।
জিৎ গত ১৫ বছর ধরে সেই কাজটাই নিজস্ব স্টাইলে করে আসছেন। খুব একটা ব্যতিক্রম ঘটেনি। এবারও ঘটল না। ‘বস ২’-এর নায়ক আগের ছবির খেই ধরেই সূর্য। সে মেঘের আড়ালেও থাকতে পারে, আবার আগুনের মতো জ্বলতেও পারে। যুক্তিবুদ্ধির কোনও ধার ধারে না সে। জানে শুধু গতি।
গাড়ি চালিয়েই হোক, কিংবা বাইক সওয়ারি হয়ে। ‘বস’ জিৎ অ্যাকশনের ঝাঁজে এবার অ্যালান আমিনের হাত ধরে দর্শকের মুখ থেকে উরিব্বাস, আরে ব্বাবা এবং হাততালি দুটোই প্রতি মিনিটে কুড়িয়ে নিয়েছেন। পুরো ছবির প্রায় প্রতিটি ফ্রেমেই সূর্য উপস্থিত, ঠিক পৃথিবীর মতোই।





