যৌথ প্রযোজনার নীতিমালা অনুসরণ না করে ‘নবাব’ ও ‘বস টু’ নির্মাণ করা হয়েছে বলে চলচ্চিত্র ঐক্যজোটে অভিযোগ থাকলেও সব বাধা সংশয় কাটিয়ে অবশেষে বিগ বাজেটের এ ছবি দুটি বিনা কর্তনে সেন্সর সনদ পেয়েছে।
বুধবার (২১ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ছবি দুটির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন।
তিনি বলেন,‘ আমরা একটু আগে জানতে পেরেছি ছবি দুটি প্রদর্শন শেষে সেন্সর ছাড়পত্র পেয়েছে। আগামীকাল (২২ জুন) আমরা সনদপত্র হাতে পেয়ে যাবো। আশা করছি, ঈদে ছবি দুটি মুক্তি পাবে।
তিনি আরো জানান, সেন্সর বোর্ড বুধবার (২১ জুন) ‘বস-টু’ ও ‘নবাব’ ছবি দুটো দেখেছে। দেখার পর বোর্ডের সদস্যরা ছবি দুটিকে ছাড়পত্র প্রদানের সিদ্ধান্ত নেয়।
গেলো কয়েদিন ধরেই এ দু’টো ছবি যৌথ প্রযোজনার নিয়ম মেনে তৈরি হয়নি বলে অভিযোগ করে আসছিল চলচ্চিত্রের ১৬টি সংগঠন। সেন্সর সনদ পাওয়াতে ছবি দু’টোর ঈদে মুক্তি নিয়ে আর কোনো বাধা রইলো না।
বুধবার ছবি দু’টো যেন সেন্সর না পায় সেজন্য সেন্সর বোর্ড ঘেরাও করে পরিচালক সমিতি ও শিল্পী সমিতির নেতারা। এ সময় নবাব’ ও ‘বস টু’ এই ছবি দুটি যে সিনেমা হলে প্রদর্শন করা হবে সেখানে আগুন লাগানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন ও শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।
নির্মাতা খোকন বলেন, ‘সেন্সর বোর্ডের কাছে সবিনয় নিবেদন, আপনারা এই প্রতারণামূলক ছবি দুটি মুক্তির সনদ দেবেন না। যদি মুক্তি দেওয়া হয় তবে সে হলেই চলবে সেখানে গিয়ে আগুন লাগানো হবে। এর দায় আমরা নেব না।’
আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে মিশা সওদারগর বলেন, ‘আমরা শিল্পী, আমরা চলচ্চিত্রকে ধ্বংস হতে দেব না। যতক্ষণ আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকবে আন্দোলন চলবেই। যৌথ প্রযোজনার নামে কলকাতার কোনো একক ছবি এ দেশে আমরা চলতে দেব না। আমরা আাজ রাস্তায় নেমে এসেছি। যৌথ প্রযোজনার নামে অনিয়ম বন্ধ করতে চাই, যৌথ প্রযোজনা নয়
এদিকে জাজ মাল্টিমিডিয়ার আহ্বানে সাড়া দিয়ে ‘নবাব’ ও ‘বস টু’র মুক্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ছবির মুক্তি প্রত্যাশীরা।
চলচ্চিত্র ঐক্যজোটের ধর্মঘটের ব্যাপারে আলিমুল্লাহ খোকন সময়ের কণ্ঠস্বরকে বলেন, জাজ একবার মাঠে নামলে পালাবার রাস্তা খুঁজে পাবে না। এখনো সময় আছে বিএনপির দালালরা হুঁশিয়ার সাবধান।
তিনি আরো বলেন, যারা জাজের ছবি, সিনেমা হলে মুক্তি দিলে হল পুড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছেন। তাদেরকে বলতে চাই সিনেমা হল মালিক ও দর্শকরাই আপনাদের প্রতিহত করবে।
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, আমরা দু’টো সিনেমা নিয়েই খুব আশাবাদী। সিনেমা হল মালিকদের কাছে থেকেও ভালো রেসপন্স পাচ্ছি। শাকিব খান অভিনীত ‘নবাব’ ১২০ ও জিৎ অভিনীত ‘বস টু’ ১০০ হলে মুক্তি ব্যাপারে চূড়ান্ত কোঠা হয়েছে হল সংখ্যা আরো বাড়তে পারে।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিৎস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনায় ‘বস-২’ সিনেমাটি যৌথভাবে নির্মাণ করেছেন কলকাতার বাবা যাদব ও বাংলাদেশের আব্দুল আজিজ। জিৎ এর বিপরীতে ছবিতে অভিনয় করছেন কলকাতার শুভশ্রী এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া।
অন্যদিকে ‘নবাব’ ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। এতে অভিনয় করেছেন শাকিব খান, শুভশ্রী, অমিত হাসান, রজতাভ দত্ত, মেঘলা, সব্যসাচী চক্রবর্তী ও খরাজ মুখার্জিসহ আরও অনেকে। ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ।





