দেশের চলচ্চিত্র শিল্পী সমিতি আর বরেণ্য চিত্রনায়ক ফারুককে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে আবারও চলচ্চিত্রে নিষিদ্ধ হতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। এ খবর গতকাল থেকেই চাউর হয়েছে মিডিয়ায়।

সোমবার (১৯ জুন) রাতে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে শীর্ষ পর্যায়ের এক বৈঠকে এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায় । এমন খবরে সামাজিক যোগাযোগের মাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া।

সমিতির এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত রোববার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রদর্শক সমিতি এবং বুকিং এজেন্ট সমিতির যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে আলোচনার এক পর্যায়ে চিত্রনায়ক ফারুককে উদ্দেশ্য করে শাকিব খান বলেন, ‘এতদিন কোথায় ছিলেন সাহেব? আজকে আপনি এফডিসিতে এসে নেতাগিরি করছেন।

কাফনের কাপড় পড়া নিয়ে শাকিব খান তার বক্তব্যে বলেন , চলচ্চিত্রের দুর্দিন তো অনেক আগে থেকেই চলছে। কিন্তু তখন তো আপনাকে দেখা যায়নি। নতুন কমিটির সাথে সাথে ঘুরছেন আপনি। তাদের দুর্বল মানসিকতার কারণে আপনার মতো সুদিনের কোকিলরা সুযোগ পায়। আপনাকে বড় বড় বক্তব্য দিতে দেখা যাচ্ছে। আপনাকে এটা মানায়? আপনারা রাজ্জাক সাহেবের অবদান নিয়ে প্রশ্ন তোলেন, আপনার কী অবদান আছে এই ইন্ডাষ্ট্রিতে? কাজের কাজ করবেন না, সময় মতো নেতাগিরি ফলাতে ঠিকই হাজির হবেন। এমনটা চলবে না।’

আমার বিরুদ্ধে একটি অভিযোগ করা হয় কাফনের কাপড় পরে আন্দোলন করেছি। কিন্তু এখন আন্দোলন করছি না কেন। সেই আন্দোলনটা কি নিয়ে ছিল তার সব রেকর্ড রয়েছে। ওই আন্দোলনে কিন্তু যৌথ প্রযোজনা নিয়ে কোন কথা ছিল না। আমাদের জন্মের আগে থেকে যৌথ প্রযোজনার ছবি হচ্ছে। দূরদেশ, অন্যায় অবিচার এসবই তো যৌথ প্রযোজনার ছবি। আগে যদি যৌথভাবে ছবি হলে সমস্যা না থাকে তাহলে এখন সমস্যা কোথায়?

শাকিব খান বলেন, সবাইকে আরো একবার মনে করিয়ে দিতে চাই। আমি কাফনের কাপড় পরে আন্দোলন করেছি ঠিকই। সেই আন্দোলনের ব্যানারে স্পষ্ট করে লেখা ছিল, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় হিন্দি, উর্দু ছবি চলবে না’। আমাদের সেই আন্দোলন ছিল সরাসরি ভারতীয় ছবি আমদানি করে এদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শন না হয় তা নিয়ে।

সংবাদ সম্মেলনে যৌথ প্রযোজনার নামে প্রতারণা হচ্ছে এমন ইস্যুতে আপনার অবস্থান কি? জানতে চাইলে শাকিব খান বলেন, ‘যৌথ প্রযোজনার নামে প্রতারণা করা হলে, আন্দোলনের পক্ষেই আমার অবস্থান থাকবে। এক্ষেত্রে আমার অবস্থান খুবই পরিষ্কার। দেশের বিরুদ্ধে কাউকেই ছাড় দেবো না।’

তিনি আরো বলেন, ‘আমি বরাবরই সাফটা চুক্তির বিরোধিতা করেছি। এখন করছি। আমাদের ইন্ডাস্ট্রি এখনও শক্ত অবস্থানে আসতে পারেনি। এই অবস্থায় সাফটার মাধ্যেমে ছবি প্রদর্শন করা হলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। এই বিষয়টিও মন্ত্রী মহোদয়কে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি।’

বহুল আলোচিত ‘রংবাজ’ ছবির উদাহরণ টেনে শাকিব খান বলেন, রংবাজ যৌথ প্রযোজনার ছবি। কিন্তু আমি এই ছবিতে বেশিরভাগ দেশি শিল্পীদের নিয়ে কাজ করেছি। আগে আমার দেশ, তারপর অন্যকথা।’

এদিকে শাকিবের এই মন্তব্যে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দের মান ক্ষুন্ন হয়ে এমন দাবি করে সোমবার এ জরুরি বৈঠক বসেন সমিতির নেতারা। এ সময় চলচ্চিত্রে শাকিবকে নিষিদ্ধ করার ব্যাপারে সবাই একমত হন বলে জানিয়েছে নাম প্রকাশ অনিচ্ছুক ওই সূত্রটি।

সমতির নেতার বলেন, শাকিবের এমন ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ’ নতুন নয়। এর আগে চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি। চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে তাকে নোটিশ পাঠানো হয়। এরপর চলচ্চিত্রের ১৩টি সংগঠন তাকে নিষিদ্ধ করে। পরে চিত্রনায়ক আলমগীরের মধ্যস্ততায় চলচ্চিত্র পরিচালক সমিতিতে এসে শাকিব খান নিজের আপত্তিকর আচরণের জন্য ক্ষমা চান। এরপর ১৩টি সংগঠন শাকিবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।

চলুন দেখে নেয়া যাক সতিই কি বলেছিলেন শাকিব খান –

এদিকে, সোমবার রাতের ফ্লাইটে নতুন ছবি ‘চালবাজ’ এর শুটিংয়ে লন্ডনে পাড়ি জমিয়েছেন ঢালিউডের অন্যতম শীর্ষ এই নায়ক শাকিব খান। জয়দ্বীপ মুথার্জি পরিচালিত যৌথ প্রযোজনার নতুন এ ছবির কাজে টানা সময় দিয়েছেন তিনি। শাকিব খান সোমবার দুপুরে বলেন, আজ রাতেই লন্ডনের উদ্দেশ্যে রওনা করব। এবারের ঈদে দেশে থাকা হচ্ছে না। মূলত কাজের কারণেই দেশের বাইরে ঈদ করা হবে। আমার নতুন ছবি ‘চালবাজ’-এর শুটিং হবে লন্ডনের বিভিন্ন লোকেশনে। এতে আমার বিপরীতে অভিনয় করছেন শুভশ্রী। এটাও বেশ ভালো একটি ছবি হতে যাচ্ছে। এর বাইরে দুইমাস আগে নুসরাত জাহান ও সায়ন্তিকার বিপরীতে নাম ঠিক না হওয়া একটি ছবির কাজ শুরু করেছিলেন শাকিব।

এর বাকি কাজও ইউরোপে শুটিং করবেন বলে জানিয়েছেন তিনি। তাই শুটিং এর চাপে এবার লম্বা সময়ের জন্যই বাইরে থাকতে হবে শাকিব খানকে। এবার ঈদে তার অভিনীত চারটি ছবির মধ্যে তিনটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলোর মধ্যে দর্শকদের চাহিদার শীর্ষে রয়েছে যৌথ প্রযোজনার ‘নবাব’. ‘রাজনীতি’ ও ‘রংবাজ’। জয়দ্বীপের ‘নবাব’ ছবিটি এখনও সেন্সরের দরজা পার হতে পারেনি। তবে বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ছবিটি বেশ আগেই সেন্সর ছাড়পত্র পেয়েছে। আর এতে শাকিবের বিপরীতে থাকছেন অপু বিশ্বাস। সর্বশেষ আব্দুল মান্নান পরিচালিত ‘রংবাজ’ ও শাহাদৎ হোসেন লিটন পরিচালিত ‘অহংকার’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। এ দুটির মধ্যে যে কোনো একটি এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।