চিত্রনায়ক শাকিব খানের করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম সুব্রত ষোষ শুভ এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুল্লাহ খান জিডির তদন্ত প্রতিবেদন দাখিল না করায় সময়ের আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন। ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এ বিষয়ে এনটিভি অনলাইনকে জানিয়েছেন।

এর আগে গত ৮ মে রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জিডি করেন চিত্রনায়ক শাকিব খান।

জিডি থেকে জানা যায়, গত ৬ মে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) শিল্পী সমিতির নির্বাচনের রাতে হামলায় আহত তিনি। এ ঘটনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

শাকিব তাঁর জিডিতে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানকে। একই জিডিতে অভিযোগ করা হয়, চিত্রনায়ক সাইমন সাদিক ও খল অভিনেতা জিয়ার বিরুদ্ধেও।