খ্যাতি থাকলে তার একটু-আধটু বিড়ম্বনা তো থাকবেই। কিন্তু তা বলে রাতবিরেতে বাড়ির ভেতরে ঢুকে আসবে বাইরের অচেনা কেউ? এমন ফ্যান-এর খপ্পরে কিছুদিন আগেই শাহরুখ খান পড়েছিলেন।

তবে তা ছিল রুপালি পর্দায় কল্পকাহিনী। কিন্তু বাস্তবে এমন অযাচিত অনুরাগীর উৎপাত কাকে বলে, তা হাড়ে হাড়ে টের পেলেন সালমান খান। রাতবিরেতে তাঁর বাড়ির ভেতর ঢুকে পড়লেন এক অতি উৎসাহী ফ্যান। শেষমেশ যাকে সল্লুর বাড়ির শৌচালয় থেকে উদ্ধার করলেন বডিগার্ডরা।

খবরটি সামনে এসেছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সৌজন্যে। জানা গিয়েছে, রবিবার ভোররাতে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে প্রবেশ করে ওই ব্যক্তি। বেশ সন্তর্পণেই বাড়ির পাঁচিল টপকে যান তিনি। কিন্তু কোনোভাবে পথচলতি কিছু মানুষের নজরে পড়ে যায় বিষয়টি। তাঁরাই গিয়ে ভাইজানের নিরাপত্তাকর্মীদের খবর দেন। সারা বাড়িতে খোঁজ শুরু করে দেন সালমানের বডিগার্ডরা। শেষমেশ বাড়ির এক শৌচালয় থেকে ধরা হয় ওই ব্যক্তিকে। নিরাপত্তাকর্মীরাই পুলিশের হাতে তুলে দেন ওই ব্যক্তিকে।

পুলিশের জেরার মুখে জানা যায়, মহম্মদ সিরাজউদ্দিন নামে ওই ব্যক্তি পশ্চিম বান্দ্রার বাসিন্দা। প্রথমে তিনি পুলিশকে জানান কেবলমাত্র শৌচকর্ম করতেই ওই বাড়িতে প্রবেশ করেছিলেন তিনি। পরে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়। পরিবার-আত্মীয়রা এলে জানা যায়, প্রায়ই সালমানের বাড়ির সামনে যেতেন মহম্মদ। সব কথা শুনে পুলিশের অনুমান, বজরঙ্গি ভাইজানের টানেই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের উঁচু পাঁচিল টপকে গিয়েছেন মহম্মদ। ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। তবে বিষয়টি নথিভুক্ত করে রেখেছে পুলিশ।

সালমানের বাবা সেলিম খান জানান, বিষয়টি সম্পর্কে বিস্তারিত কিছুই জানেন না তিনি। তবে বাড়িতে কে প্রবেশ করছে, আর কে করছে না তা দেখা নিরাপত্তাকর্মীদের দায়িত্ব।